দাউদকান্দিতে ডাকাত-আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নে ডাকাত-আতঙ্ক দেখা দিয়েছে। ওই ইউনিয়নের কয়েকটি এলাকায় পরপর ডাকাতির ঘটনা ঘটায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ডাকাতি ঠেকানোর জন্য স্থানীয় লোকজন রাত জেগে লাঠি আর বাঁশি নিয়ে পাহারা দিচ্ছেন। 

 জানা গেছে, ১৩ এপ্রিল রাতে সুন্দলপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়। ডাকাতেরা অস্ত্রের মুখে ওই প্রবাসীর পরিবারের সদস্যদের জিম্মি করে দেড় লক্ষাধিক টাকা ও ১১ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। গত ১৪ মার্চ রাতে একই গ্রামের ভূঁইয়াবাড়ি থেকে ডাকাতেরা দুই লাখ টাকা ও ২২ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এ ছাড়া গত ২৮ জানুয়ারি রাতে সুন্দলপুর ইউপির সদস্য মাইসুরা বেগম এবং ৩ জানুয়ারি রাতে ষোলপাড়া গ্রামের সৌদিপ্রবাসী বশির মুন্সী ও ঢাকারগাঁও গ্রামের রুহুল আমিন ফকিরের বাড়িতে ডাকাতি হয়। এ অবস্থায় ইউনিয়নের বাসিন্দারা বিভিন্ন স্থানে রাত জেগে পাহারা দিচ্ছেন।

সেন্দী গ্রামের শিক্ষক আবুল খায়েরা জিলন বলেন, ডাকাতের আতঙ্কে রাত জেগে পাহারা দেওয়ার পর সকালে কর্মস্থলে যেতে হচ্ছে।

সুন্দলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আলাউদ্দিন বলেন, ‘এলাকায় ডাকাত-আতঙ্ক এবং রাত জেগে পাহারা দেওয়ার কথা শুনেছি।’

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, ডাকাতি ঠেকাতে গ্রামবাসীকে নিয়ে পাহারা দল গঠন করে দেওয়া হয়েছে। তাঁদের পাশাপাশি পুলিশও নিয়মিত দায়িত্ব পালন এবং পাহারা দেওয়ার কাজ তদারকি করছে।