দাউদকান্দিতে নির্বাচিত কাউন্সিলর গুলিবিদ্ধ
কুমিল্লার দাউদকান্দি পৌরসভা নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ড থেকে বেসরকারিভাবে নির্বাচিত কাউন্সিলর এবং উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. রকিব উদ্দিন মৌলভী গুলিবিদ্ধ হয়েছেন।
আজ বুধবার রাত সোয়া ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের পশ্চিম দিকে দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশে এ ঘটনা ঘটে। আহত রকিব উদ্দিনকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলা পরিষদের সভাকক্ষ থেকে পৌরসভা নির্বাচনের ফলাফল পাওয়ার পর দাউদকান্দি থানার দিকে যাওয়ার পথে দুষ্কৃতকারীরা তাঁকে লক্ষ্য করে পেছন থেকে গুলি ছোড়ে।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আল আমিন মিয়াজীর ভাষ্য, গুলিটি রকিব উদ্দিন মৌলভীর কিডনির ওপর বিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ মোশাররফ হোসেন বলেন, অজ্ঞাত দুষ্কৃতকারীরা তাঁকে গুলি করে পালিয়ে গেছে। পুলিশ তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।