দাউদকান্দিতে নৈশপ্রহরীকে পুড়িয়ে হত্যা
কুমিল্লার দাউদকান্দিতে এক নৈশপ্রহরীকে দুর্বৃত্তরা পুড়িয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার গৌরীপুর বাজারের নিউমার্কেটে গতকাল রোববার ভোররাতে এ ঘটনা ঘটে।
নিহত প্রহরীর নাম সফিকুল ইসলাম (৪২)। তিনি গৌরীপুর ইউনিয়নের পশ্চিম হুগুলিয়া গ্রামের আমিন উদ্দিনের ছেলে। মাত্র তিন মাস আগে তিনি গৌরীপুর বাজারের নিউমার্কেটে নৈশপ্রহরীর চাকরি নিয়েছিলেন।
দুর্বৃত্তরা মার্কেটটির দোতলায় অবস্থিত রিভা টেলিকমের শাটার কেটে নগদ ৫৬ হাজার টাকা এবং প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের মুঠোফোন সেট লুট করে নিয়ে গেছে।
পাশের অন্য এক মার্কেটের দোকান কর্মচারী কিশোর শরীফ মিয়া বলেন, তাঁর ব্যবহৃত মুঠোফোন সেট বিকল হলে নিউমার্কেটের দোতলার এক দোকানে গত শনিবার মেরামত করতে দেন তিনি। গতকাল ভোর ছয়টার দিকে মার্কেটের উত্তর দিকের কলাপসিবল গেট খোলা পেয়ে ওই মুঠোফোনটির দোকান খোলা আছে কি না, দেখতে যান। সিঁড়ির মাঝামাঝি লাশ দেখতে পেয়ে চিৎকার দেন। শুনে আশপাশের লোকজন এসে থানা-পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
রিভা টেলিকমের মালিক নূরুল ইসলাম বলেন, ‘শনিবার সন্ধ্যার পর আমার দোকান বন্ধ করে কর্মচারীদের নিয়ে বের হই। দোকানের চাবি আমার কাছে ছিল। সকালে এসে এ দৃশ্য দেখতে পাই।’
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে একটি কেরোসিনের কৌটা জব্দ করা হয়েছে। এ ঘটনায় সফিকুল ইসলামের স্ত্রী জোসনা আক্তার বাদী হয়ে দাউদকান্দি থানায় মামলা করেছেন।