দাউদকান্দিতে বন্ধুকযুদ্ধে যুবক গুলিবিদ্ধ, চার পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মানিককান্দিতে গত শুক্রবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ এক সন্দেহভাজন ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় পুলিশের এক সহকারী উপপরিদর্শকসহ চারজন আহত হন।
আহত ব্যক্তিরা হলেন স্থানীয় তিনচিটা গ্রামের আবু কালাম রাসেল, দাউদকান্দি মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন, কনস্টেবল আহসান হাবীব, মাইনুদ্দিন ও আবদুল হালিম।
গুলিবিদ্ধ রাসেলকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাসেলের বুকে ও পায়ে গুলি লেগেছে।
দাউদকান্দি মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন বলেন, আবু কালাম রাসেল মানিককান্দির পেন্নাই বাবুরহাট সড়কে গাছ ফেলে সিএনজিচালিত একটি অটোরিকশায় ডাকাতি করছিলেন। ঘটনাস্থলে টহলরত পুলিশের গাড়ি পৌঁছালে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এতে রাসেল গুলিবিদ্ধ হন। পরে ডাকাতদের ধরতে গেলে ধস্তাধস্তিতে এএসআই আমির হোসেন, আহসান হাবীব, মাইনুদ্দিন ও আবদুল হালিম আহত হন। তখন অন্য ডাকাতেরা পালিয়ে যায়।