দাউদকান্দিতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
কুমিল্লার দাউদকান্দি উপজেলা যুবলীগের আহ্বায়ক আমির হোসেন রাজনকে (৩০) কুপিয়ে হত্যা করা হয়েছে। দাউদকান্দি শহরের বলদাখাল-দাউদকান্দি বাজার সড়কের বলদাখাল মসজিদের কাছে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। রাজন উপজেলার কাজিরকোনা গ্রামের দেলোয়ার ব্যাপারীর ছেলে।
রাজনের বড় ভাই বিল্লাল হোসেন ও বোনের ছেলে মো. দুলাল বলেন, সকাল পৌনে ১০টার দিকে দাউদকান্দি আদর্শ উচ্চবিদ্যালয়ের মাঠে ওই বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বলদাখাল সড়কের প্রান্ত থেকে রিকশাযোগে রওনা দেন রাজন। রিকশাটি বলদাখাল পাকা মসজিদের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।
আহত রাজনকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এরপর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়।
দাউদকান্দি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, রাজন হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।