দাউদকান্দিতে শ্রমিক দল নেতার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নে আজ বৃহস্পতিবার সকালে মুখলেছুর রহমান (৪২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি গোয়ালমারী গ্রামে। তিনি গোয়ালমারী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছিলেন।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সালাম মিয়ার ভাষ্য, গতকাল বুধবার রাত ১১টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। আজ সকালে গোয়ালমারী গ্রামের বিলে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। সকাল নয়টার দিকে তাঁর লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি জানান, দুর্বৃত্তরা মুখলেছুরের মাথায় আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে বিস্তারিত জানাতে পারেননি তিনি। মুখলেছুরের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের ছয়টি মামলা কুমিল্লার আদালতে বিচারাধীন রয়েছে বলে জানান ওসি। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

মুখলেছুর রহমানের স্ত্রী আমিরুন নাহার জানান, তাঁর স্বামী গত রাতে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। পরে আজ সকালে স্বামীর মৃত্যুর খবর পান তিনি।