দাউদকান্দির তিন গ্রামে ডাকাতি
কুমিল্লার দাউদকান্দি উপজেলার তিন গ্রামের তিনটি বাড়িতে গতকাল বুধবার দিবাগত রাতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। গ্রাম তিনটি হলো বরকোটা, বিটেশ্বর ও শায়েস্তানগর। স্থানীয় লোকজন ও ভুক্তভোগীদের ভাষ্য, বরকোটা গ্রামের জামাল উদ্দিন পাটোয়ারী, বিটেশ্বর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী নূরুল আমিন ও শায়েস্থানগর গ্রামের আরব আলী মাস্টারের বাড়িতে ওই ডাকাতি হয়েছে।
ভুক্তভোগী তিনটি পরিবারের সদস্যদের ভাষ্যমতে, গতকাল দিবাগত রাত ১২টা থেকে দুইটার মধ্যে ডাকাতির ঘটনা ঘটে। প্রত্যেক বাড়িতে ২৫-৩০ জনের সশস্ত্র ডাকাত দল হানা দেয়। অস্ত্রের মুখে তারা বাড়ির বাসিন্দাদের জিম্মি করে। এরপর ডাকাতদল স্বর্ণালংকার, মুঠোফোন, টেলিভিশন, নগদ টাকা নিয়ে যায়।
ঘটনার বিষয়ে জানতে চাইলে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, এ ব্যাপারে এখনো কেউ থানায় অভিযোগ করেনি।
এর আগে গত সোমবার বরকোটা গ্রামে পাঁচটি বাড়িতে ডাকাতি হয়।