দাওয়াত না পেয়ে শিক্ষকদের সঙ্গে যুবলীগ নেতার দুর্ব্যবহার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের অনুষ্ঠানে নিমন্ত্রণ না পেয়ে শিক্ষকদের সঙ্গে যুবলীগের এক নেতা দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুর চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নগরের চকবাজার ওয়ার্ড যুবলীগের সভাপতি একরাম হোসেনের নেতৃত্বে ১০-১২ জন যুবক গতকাল দুপুরে বিদ্যালয়ে যান। তিনি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোবাশ্বেরা বেগমের কাছে বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করেছেন কি না জানতে চান। করলে দাওয়াত কেন দেননি, সে বিষয়ে প্রশ্ন তোলেন। এ সময় যুবলীগের নেতা-কর্মীরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে চকবাজার ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মোবাশ্বেরা বেগম প্রথম আলোক জানান, বঙ্গবন্ধুর জন্মদিনে বিদ্যালয়ে অনুষ্ঠানে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ অনেকে উপস্থিত ছিলেন। কিন্তু অনুষ্ঠানে একরাম হোসেনকে দাওয়াত দেওয়া হয়নি। বিদ্যালয়ে এসে তিনি এ ব্যাপারে জানতে চান। অনুষ্ঠান আয়োজনের কাগজপত্র দেখতে চান। এ সময় কয়েকজন শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহারও করেন তাঁর সঙ্গে আসা লোকজন।
তবে শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগটি অস্বীকার করে একরাম হোসেন বলেন, ‘বিদ্যালয় কর্তৃপক্ষ নামকাওয়াস্তে বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করে। এতে আমাদের কাউকে দাওয়াত দেওয়া হয়নি। এ রকম আয়োজন করা হয়েছে কেন, তা অভিভাবক হিসেবে জানতে চেয়েছি।’