দাওয়াত না পেয়ে অনুষ্ঠান পণ্ড করে দিল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আনন্দলোকে মঙ্গলালোকে... সত্যসুন্দর’ গানটির দ্বিতীয় অন্তরা শেষ না হতেই শব্দযন্ত্রের সুইচ বন্ধ করে দিলেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অতিথিসহ রাজশাহী কলেজের শিক্ষকেরা মঞ্চে বসেছিলেন। হতভম্ব হয়ে উঠে দাঁড়ালেন সবাই। উত্তেজিত ছাত্রলীগের এক নেতা আয়োজকদের কাছে জানতে চাইলেন, ‘আমি অনুষ্ঠানের কথা জানতে পারলাম না কেন?’ এরপর তর্ক-বিতর্ক, উত্তেজনা, অনুষ্ঠান পণ্ড।
এভাবেই গতকাল রোববার রাজশাহী কলেজের ‘সংগীতচর্চা কেন্দ্রে’র উদ্যোগে আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠান পণ্ড করে দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তবে রাজশাহী কলেজ কর্তৃপক্ষ বলছে, রাজশাহী মহানগর ছাত্রলীগের নেতার সঙ্গে যাঁরা এসেছিলেন, তাঁদের রাজশাহী কলেজের ছাত্র বলে মনে হয়নি। আর ছাত্রলীগ বলছে, ক্লাস-পরীক্ষা বাদ দিয়ে অনুষ্ঠান করার প্রতিবাদ করেছে তারা।
রাজশাহী কলেজ সূত্রে জানা গেছে, কলেজের সংগীতচর্চা কেন্দ্র এ অনুষ্ঠানের আয়োজন করে। এর আহ্বায়ক ছিলেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক রিনা রানি দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ আল ফারাক। অতিথি ছিলেন রাজশাহী কলেজশিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক মুহম্মদ আলমগীর প্রমুখ।
প্রত্যক্ষদর্শী শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা সাড়ে ১০টার দিকে কলেজপ্রাঙ্গণ থেকে এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি কলেজ মিলনায়তনে এসে শেষ হয়। প্রথম পর্বের আলোচনা অনুষ্ঠান যথারীতি শেষ হয়। ‘হে নূতন দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ’ গানের সঙ্গে দ্বিতীয় পর্বে সংগীতানুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী গান শেষে দ্বিতীয় গান ‘আনন্দালোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর’ গানটি শুরু হয়। গানটির দ্বিতীয় অন্তরা শেষ হওয়ার আগেই মিলনায়তনে প্রবেশ করেন রাজশাহী মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম খান ওরফে ববিন। তিনি এর আগে রাজশাহী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর নির্দেশে ছাত্রলীগের এক নেতা গিয়ে শব্দযন্ত্রের সুইচ বন্ধ করে দেন। অতিথিরা হতভম্ব হয়ে উঠে দাঁড়ান। বিষয়টি জানার জন্য অনুষ্ঠানের আহ্বায়ক এগিয়ে যান। মাহাবুব আলম খান তাঁর কাছে জানতে চান, এ অনুষ্ঠানের বিষয়টি তাঁকে জানানো হয়নি কেন? তাঁর জবাবে অনুষ্ঠানের আহ্বায়ক রিনা রানি দাস বলেন, কলেজের ওয়েবসাইটে অনুষ্ঠানের একটি নোটিশ দেওয়া হয়েছে। তাঁরা মনে করেছেন, এখন ডিজিটাল যুগ। নোটিশ দেখে সবাই জানবেন।
মাহাবুব আলম খান বলেন, তাঁদের জানিয়েই কলেজে সব অনুষ্ঠান করা হয়। জবাবে রিনা রানি বলেন, তাঁকে জানিয়ে অনুষ্ঠানের আয়োজন করতে হয়—এটা তাঁর জানা ছিল না। অধ্যক্ষ অসুস্থ, তিনি থাকলে হয়তো এ ভুলটা হতো না। এ কথা শুনেই ছাত্রলীগের নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন। শিক্ষকেরাও উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে শিক্ষকেরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। সঙ্গে শিক্ষার্থীরাও বেরিয়ে আসেন।
জানতে চাইলে মাহাবুব আলম খান বলেন, অনুষ্ঠানের কারণে সমাজকর্ম বিভাগের ক্লাস টেস্ট, বাংলা ও ইতিহাস বিভাগের ক্লাস হয়নি। এটা তাঁর খারাপ লেগেছে। এ জন্য তিনি এর প্রতিবাদ করতে এসেছিলেন। ক্লাস-পরীক্ষা নেওয়ার দায়িত্ব তাঁর নাকি শিক্ষকদের—এমন প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন, শিক্ষকদের। তবে দাবি করেন, হরতাল-অবরোধের মধ্যে তিনি কষ্ট করে ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছিলেন। রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীর অনুষ্ঠানের অজুহাতে ক্লাস নেওয়া হচ্ছে না, এটাই তাঁর খারাপ লেগেছে।
কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান অসুস্থ। তাঁর অনুপস্থিতিতে উপাধ্যক্ষ আল ফারাক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। জানতে চাইলে তিনি বলেন, ছাত্রলীগের নেতা মাহাবুব আলম খানের সঙ্গে যারা গিয়েছিল, তাদের দেখে মনে হয়নি যে তারা কলেজের ছাত্র। তারা গিয়ে সুইচ বন্ধ করে দিয়েছে।