দাকোপ উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
উচ্চ আদালতের আদেশ অমান্য করে অন্যের জমিতে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে খুলনার দাকোপ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল হোসেনের বিরুদ্ধে। নির্মাণকাজে বাধা দেওয়ায় আবুল হোসেনের লোকজন হত্যার হুমকিও দিচ্ছেন। এসব ব্যাপারে স্থানীয় প্রশাসনকে একাধিকবার জানানো হলেও প্রতিকার মিলছে না।
গতকাল রোববার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ওই অভিযোগ করেন চালনা পৌরসভা এলাকার হরিদাস মণ্ডল। যাঁদের জমি জোর করে দখল করে ভবন নির্মাণ করা হচ্ছে, হরিদাস তাঁদের একজন।
সংবাদ সম্মেলনে হরিদাস মণ্ডল বলেন, আবুল হোসেন সন্ত্রাসী বাহিনী নিয়ে তাঁর (হরিদাস) পৈতৃক সূত্রে পাওয়া ৪ দশমিক ১২ একর জমি দখল করেছেন। ওই জমি হারিয়ে তিনি এখন সর্বস্বান্ত। সম্প্রতি উচ্চ আদালত ওই জমিতে ভবন নির্মাণ কার্যক্রম স্থগিত করার আদেশ দিলেও উপজেলা চেয়ারম্যান তা মানছেন না।
হরিদাস মণ্ডল আরও বলেন, আবুল হোসেনের লোকজন তাঁর (হরিদাস) পরিবারের সদস্যদের কয়েকবার মারধরও করেছে। এসব ব্যাপারে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে একাধিকবার জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে হরিদাস মণ্ডল ওই জমির দলিলপত্র দেখান। তিনি দাবি করেন, সিএস নকশা অনুযায়ী ওই সম্পত্তি তাঁর বাবা ফণীভূষণ মণ্ডল ও দুই চাচার নামে ছিল। কিন্তু আরএস নকশা অনুযায়ী ওই সম্পত্তি জনৈক গৌর হরির নামে রেকর্ড হয়েছে বলে দেখা যায়। পরে আবেদন করে ওই রেকর্ডের কাগজ তোলা হলে সেখানে কীভাবে গৌর হরি সম্পত্তির মালিক হয়েছেন, তা উল্লেখ নেই।
হরিদাস মণ্ডল বলেন, উচ্চ আদালত ওই সম্পত্তিতে কোনো স্থাপনার কাজ না করতে গত জানুয়ারি মাসে একটি রুল জারি করেন। ওই রুলে জমির মালিকানা নির্ধারণের কাজ শেষ না হওয়া পর্যন্ত ওই জমিতে কোনো স্থাপনা না করতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু ওই নির্দেশ অমান্য করে উপজেলা চেয়ারম্যান ভবন নির্মাণের কাজ অব্যাহত রেখেছেন।
দাকোপ উপজেলা চেয়ারম্যান শেখ আবুল হোসেনের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ‘সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করা হয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষরা আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য এসব অভিযোগ করাচ্ছেন।’ ওই সম্পত্তি ৩০ বছর আগে কিনেছেন বলেও তিনি দাবি করেন। উচ্চ আদালতের আদেশের কথা জানতে চাইলে তিনি বলেন, ‘আদালত যাঁর যাঁর জমিতে থাকতে বলেছেন। আমি সেভাবেই আছি। কারও জমিতে অবৈধভাবে স্থাপনা করা হচ্ছে না।’