দাখিল পরীক্ষা: এক কেন্দ্রেই ৭১ শিক্ষার্থী ১০ শিক্ষক বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাখিল পরীক্ষায় ফরিদপুর শহরের মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র থেকে অসদুপায় অবলম্বনের দায়ে ৭১ পরীক্ষার্থী ও ১০ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া তিনজন শিক্ষককে আটক করে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দায়িত্বে অবহেলার দায়ে কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর শহরের সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কারাদণ্ডপ্রাপ্ত তিন শিক্ষক হলেন, বাহালুল উলুম মাদ্রাসার ফায়জুর রহমান, বাকিগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আবদুর রশিদ খান ও আজিজুল উলুম দাখিল মাদ্রাসার জসিম উদদীন।

পরীক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার শারীরিক শিক্ষা বিষয়ের পরীক্ষা চলছিল। লিখিত পরীক্ষা শেষে নৈর্ব্যক্তিক পরীক্ষা শুরু হলে একজন শিক্ষক কক্ষে এসে তাদের সবাইকেই ‘ক’ সেট এর উত্তরপত্র ভরাট করতে বলেন। শিক্ষকের কথামতো প্রায় সবাই ‘ক’ সেট উত্তরপত্র ভরাট করেন।

এ বিষয়টি ওই কেন্দ্রে দায়িত্বরত নির্বাহী হাকিম শাকিলা বিন্তে মতিনের নজরে এলে তিনি বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করেন। খবর পেয়ে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রতাপ চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম ও নির্বাহী হাকিম মো. পারভেজ মল্লিক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই পরীক্ষা কেন্দ্রে যান। ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাৎক্ষণিক ভাবে ১০ জন শিক্ষক ও ৭১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার এবং তিন শিক্ষককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম মো. পারভেজ মল্লিক।

বহিষ্কৃত ১০ শিক্ষক হলেন: গেরদা আইনুল উলুম দাখিল মাদ্রাসার সহকারী মৌলভি মো. মনিরুজ্জামান, বাহালুল উলুম দাখিল মাদ্রাসার সহকারী মৌলভি মো. ইব্রাহিম মোল্লা, সালমান ফারসি রা. দাখিল মাদ্রাসার সহকারী মৌলভি শহীদুল ইসলাম, পশ্চিম বিলনালিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভি মো. আইউব খান, ফরিদপুর চুনাঘাটা দাখিল মাদ্রাসার সহকারী মৌলভি মো. ওহিদুল ইসলাম, শোলাকুন্ডু কেরামতিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভি মো. আবদুল মান্নান, একই মাদ্রাসার সহকারী সুপার আশরাফ আলী, আজিজুল উলুম দাখিল মাদ্রাসার সহকারী মৌলভি মো. সাইফুল্লাহ, সবজাননেসা মহিলা ফাজিল মাদ্রাসার সহকারী মৌলভি মো. জাকারিয়া ও ভূয়ারকান্দি দাখিল মাদ্রাসার লাবলী খাতুন। আর কেন্দ্রসচিব মাহমুদুল হাসানকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নির্বাহী হাকিম মো. পারভেজ মল্লিক বলেন, পাবলিক পরীক্ষা সমূহ (অপরাধ) আইন ১৯৮০ এর ১২ ধারা অনুযায়ী পরীক্ষায় অসদুপায় অবলম্বন এবং এ কাজে সহায়তা করার জন্য তিন শিক্ষককে কারাদণ্ড এবং ১০ শিক্ষক ও ৭১ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, নৈর্ব্যক্তিক পরীক্ষায় প্রশ্নের চারটি সেট থাকে। যে যেই সেট প্রশ্ন পাবে তাকে সেই সেট এর উত্তরপত্র ভরাট করতে হবে। ওই কেন্দ্রের পাঁচটি কক্ষের সবাই একটি সেট এর উত্তরপত্র ভরাট করে। পরীক্ষার্থীদের এই অসদুপায় অবলম্বনে জড়িত থাকায় শিক্ষকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।