ফেনীর দাগনভূঞা উপজেলার দুধমুখা বাজার থেকে গতকাল রোববার বেশ কিছু নকল ওষুধ উদ্ধার করা হয়েছে। তবে নকল ওষুধ বিক্রেতা পালিয়ে গেছেন।
স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালে বেলায়েত নামের এক ব্যক্তি ওষুধ কোম্পানি এসকেএফের ‘লোসেকটিল’-এর লেভেল লাগিয়ে বেশ কিছু নকল ওষুধ বিক্রি করতে দুধমুখা বাজারে যান। প্যাকেট দেখে একজন ওষুধ ব্যবসায়ীর সন্দেহ হয়। পরে ব্যবসায়ীরা যাচাই করে দেখেন ওই লোসেকটিল এসকেএফের নয়। সেগুলো নকল ওষুধ। তখন ব্যবসায়ীরা ওই ব্যক্তিকে নকল ওষুধসহ স্থানীয় ব্যবসায়ী কমিটির কার্যালয়ে নিয়ে বসিয়ে রাখেন। একপর্যায়ে স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি ওই নকল ওষুধ বিক্রেতাকে জোর করে ছাড়িয়ে নিয়ে যান ও ৫০ প্যাকেট নকল লোসেকটিল বাইরে ফেলে দেন।
দুধমুখা বাজার ব্যবসায়ী কমিটির সম্পাদক আবুল ফারা ফারুক ৫০ প্যাকেট নকল লোসেকটিল উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির সভাপতি মহিউদ্দিন বলেন, ওই ব্যক্তি এর আগেও দুবার নকল ওষুধ বিক্রি করতে গিয়ে ধরা পড়েন। কিন্তু প্রভাবশালীদের কারণে তিনি ছাড়া পেয়ে যান।