দাগনভূঞায় গুলিতে জাসাস নেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞায় দুর্বৃত্তদের গুলিতে জাসাস নেতা ইসমাইল হোসেন ওরফে সবুজ আহত হয়েছেন। গতকাল রোববার ভোরে উপজেলার রাজাপুর ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ইসমাইল হোসেন দাগনভূঞা উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি পশ্চিম রামচন্দ্রপুর গ্রামে।
ইসমাইল হোসেন তাঁর ওপর হামলার জন্য যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় কর্মীদের দায়ী করেন। তবে রাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা আনোয়ার হোসেন ভূঞা এ অভিযোগ অস্বীকার করেন।
ইসমাইলের স্বজনেরা জানান, গ্রেপ্তার এড়াতে কিছুদিন ধরে ইসমাইল রাতে বাড়ি থাকতেন না। গতকাল ভোরে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা তাঁর ওপর অতর্কিতে হামলা চালায়। দুর্বৃত্তরা ইসমাইলকে কুপিয়ে ও গুলি করে চলে যায়। পরে তাঁকে উদ্ধার করে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে রাজধানীর একটি হাসপাতালে পাঠানো হয়।
দাগনভূঞা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন হামলার নিন্দা ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান।
দাগনভূঞা থানার ওসি মো. আবুল ফয়সল বলেন, তিনি এ সম্পর্কে কিছু জানেন না।