দাগনভূঞায় গুলিতে এক ব্যক্তি নিহত, গ্রেপ্তার ২
ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে কামাল উদ্দিন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
ভাতিজা যুবলীগ ক্যাডার নুরুল আফসারের গুলিতে তিনি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কামাল উদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
কামালের ভাই জসিম উদ্দিন এ ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ নুরুল আফসারের মা খোদেজা এবং স্ত্রী শামীমা আক্তারকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উত্তর আলীপুর গ্রামের কামাল উদ্দিনের পরিবারের সঙ্গে তাঁর জেঠাতো ভাই তবারক উল্যা ওরফে কালা মিয়ার জমি নিয়ে কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। কয়েক দিন ধরে তবারক উল্যার ছেলে স্থানীয় যুবলীগ ক্যাডার নুরুল আফসার (৩৫) কামাল উদ্দিনকে নানাভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। গতকাল বেলা একটার দিকে কামাল উদ্দিনের ভাই জসিম উদ্দিনকে বাড়ির পাশে একা পেয়ে নুরুল আফসার তাঁর ওপর হামলা চালান। এ সময় ভাইকে বাঁচাতে কামাল উদ্দিন এগিয়ে যান।
নুরুল আফসার এ সময় কামাল উদ্দিনকে লক্ষ্য করে গুলি করেন। গুলিবিদ্ধ কামাল উদ্দিন মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন কামাল উদ্দিনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মাতুভূঞা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. ইসহাক জগলু বলেন, নুরুল আফসার সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য যুবলীগের নাম ব্যবহার করলেও সংগঠনে তাঁর সদস্যপদও নেই।
দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল আজিম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কামাল উদ্দিনকে গুলি করে হত্যার সত্যতা পেয়েছে। নুরুল আফসার পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।