দাগনভূঞায় গৃহবধূর লাশ উদ্ধার স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের খুশীপুর গ্রামের দানু মোল্লার বাড়ি থেকে গত বৃহস্পতিবার রাতে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

যৌতুক না পেয়ে বিবি মরিয়ম সুমি (২৬) নামের ওই গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাবাসী তাঁর স্বামী নূর আলমকে ধরে পুলিশে সোপর্দ করেছেন।

পরিবার সূত্র জানায়, ২০০৩ সালে নূর আলমের সঙ্গে দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের আশরাফপুর গ্রামের বিবি মরিয়মের বিয়ে হয়।

বিবি মরিয়মের ছোট ভাই মো. আলী হাসান মিলনের অভিযোগ, বিয়ের পর থেকে যৌতুকের জন্য তাঁর বোনের ওপর চাপ সৃষ্টি করে যাচ্ছিলেন নূর আলম। চাপের মুখে তাঁরা কয়েক দফায় টাকাও দিয়েছেন। কিছুদিন আগে নূর আলমকে তাঁরা নতুন একটি ঘরও তৈরি করে দেন। কয়েক দিন ধরে নূর আলম আবারও যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিলেন। কিন্তু তাঁরা যৌতুক দিতে অস্বীকৃতি জানানোয় তাঁর বোনের ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার রাতে তাঁর বোন ও ভগ্নিপতির মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে নূর আলম তাঁর বোনকে বেধড়ক পিটিয়ে আহত করেন। পরে মারা গেছেন মনে করে স্ত্রীর মুখে বিষ ঢেলে দেন নূর আলম। এতে ঘটনাস্থলে তাঁর বোনের মৃত্যু হয়।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন জানান, এ ঘটনায় নূর আলমকে আসামি করে থানায় মামলা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।