দাগনভূঞায় জামায়াতের ১১২ নেতা-কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলার একটি মাদ্রাসা থেকে গতকাল রোববার জামায়াত-শিবিরের ১১২ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এ ছাড়া ওই মাদ্রাসায় ছাত্রলীগের কর্মীদের হামলায় পাঁচজন আহত হন।
পুলিশের দাবি, মাদ্রাসা এলাকা থেকে ২০টি পেট্রলবোমা ও ১৪টি ককটেল উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেলে জামায়াতের নেতা মুহাম্মদ কামারুজ্জামানের গায়েবানা জানাজা পড়ার জন্য জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ওই মাদ্রাসায় জড়ো হন। এ সময় ওই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রের ভাষ্যমতে, পুলিশ জানতে পারে, নাশকতার উদ্দেশ্যে জামায়াত-শিবিরের শতাধিক নেতা-কর্মী দাগনভূঞা উপজেলা সদরের আশরাফুল উলুম মাদ্রাসা চত্বরে জড়ো হয়েছেন। এরপর পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১১২ জনকে আটক করে। আটক ব্যক্তিরা সবাই জামায়াত-শিবিরের নেতা-কর্মী।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, পুলিশের অভিযানের সময় ছাত্রলীগের কিছু নেতা-কর্মী মাদ্রাসায় ঢুকে পড়েন। তাঁরা পুলিশের সামনে জামায়াত-শিবিরের পাঁচ কর্মীকে মারধর করেন। পরে তাঁদের পুলিশের সহায়তায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহত ব্যক্তিদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তাঁরা হলেন আবদুল মোতালেব (৩৪), নূরুল হক (২২), মো. শাহীন (১৭) ও আমিনুল হক (২২)।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সল জানান, আটক ব্যক্তিদের অনেকে নাশকতার মামলার আসামি।