দাগনভূঞায় ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর দাগনভূঞার আলাইয়ারপুর গ্রামের একটি বাড়িতে গত মঙ্গলবার রাতে ডাকাতি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার গভীর রাতে দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর গ্রামের একটি বাড়িতে ১৪-১৫ জন মুখোশধারী ডাকাত হানা দেয়। ডাকাতেরা আবুল হোসেনের ঘরের দরজার কলাপসিবল গেটের তালা ভেঙে ও জানালা কেটে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। পরে ডাকাতেরা আলমারি ভেঙে স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে যায়।
গৃহকর্তা আবুল হোসেনের দাবি, ডাকাতেরা তাঁর ঘর থেকে ২০ হাজার টাকা, ১২ ভরি স্বর্ণালংকার ও তিনটি মুঠোফোনসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে যায়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, অভিযোগ পেলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।