ফেনীতে এক গৃহবধূকে গত রোববার রাতে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। একই রাতে কক্সবাজারের টেকনাফে আরেক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
ফেনী
জেলার দাগনভূঞায় এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রোববার রাতে উপজেলার দক্ষিণ আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাঁর নাম বিবি কুলসুম ওরফে ঝর্ণা (৩৩)। তিনি ওই গ্রামের ওমানপ্রবাসী অলি উল্যার স্ত্রী।
পুলিশ জানায়, গত রোববার রাতে ৭-৮ জন দুর্বৃত্ত সিঁদ কেটে অলি উল্যার ঘরে ঢোকে। গৃহবধূ তখন ঘুমিয়ে ছিলেন। কিন্তু তিন মাসের শিশুসন্তান থাকায় ঘরের বাতি জ্বালানো ছিল। দুর্বৃত্তরা ঘরে ঢুকে মালামাল লুট শুরু করলে ওই গৃহবধূ জেগে যান। এ সময় দুর্বৃত্তরা তাঁর গলায় ছুরিকাঘাত করে। তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত গৃহবধূর ছেলে আবিদ হাছান চিৎকার শুরু করলে স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে আসে। ততক্ষণে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তিন মাসের শিশুসহ তিন সন্তান রয়েছে গৃহবধূর। বড় ছেলের বয়স সাত বছর।
দাগনভূঞা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ময়নাতদন্তের জন্য লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দাগনভূঞা থানার ওসি মো. আসলাম উদ্দিন বলেন, হত্যাকাণ্ডে জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
টেকনাফ
কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার নিজ বাড়ি থেকে রাশেদা বেগম (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর স্বামীর নাম মোহাম্মদ ইয়াসিন।
নিহত নারীর স্বজনদের অভিযোগ, রাশেদাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যার ঘটনা হিসেবে প্রচার করছেন তাঁর স্বামী। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও মারধরের চিহ্ন রয়েছে। এ ঘটনায় রাশেদার বাবা বাদী হয়ে স্বামী মোহাম্মদ ইয়াসিনকে আসামি করে থানায় অভিযোগ করেছেন।
পুলিশ জানায়, গত বছরের ২৫ নভেম্বর পৌরসভার নাইট্যংপাড়ার বাসিন্দা বশির আহমদের মেয়ে রাশেদা বেগমের সঙ্গে একই গ্রামের মোহাম্মদ ফরিদের ছেলে মোহাম্মদ ইয়াসিনের বিয়ে হয়। তাঁরা দুজন পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেন। পরে মেয়ের বাবা এ বিয়ে মেনে নেন এবং নিজের জায়গায় তাঁদের জন্য ঘর তুলে দেন।
রাশেদার মা হালিমা খাতুন বলেন, যৌতুকের জন্য তাঁর মেয়েকে মারধর করা হতো। হত্যাকাণ্ডে রাশেদার স্বামীর পুরো পরিবার জড়িত।
টেকনাফ মডেল থানার ওসি মো. আবদুল মজিদ বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।