ফেনীর দাগনভূঞায় টাকার ব্যাগ নিতে ব্যর্থ হয়ে ছিনতাইকারীরা এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে। গত সোমবার রাতে উপজেলা শহরের ডাকবাংলোর সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে ও জড়িত ছিনতাইকারীদের গ্রেপ্তারের দাবিতে দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি গতকাল মঙ্গলবার সভা করেছে।
আহত ওই ব্যবসায়ীর নাম ইকবাল হোসেন আজাদ (৩৮)। তিনি উপজেলা শহরে ব্যবসা করেন। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার রাত ১১টার দিকে ইকবাল হোসেন দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে বসুরহাট সড়কের ডাকবাংলোর সামনে চার-পাঁচজন ছিনতাইকারী তাঁর হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে ব্যাগ নিতে ব্যর্থ হলে তারা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল দুপুরে উপজেলা সদরের জিরো পয়েন্টে প্রতিবাদ সভা হয়। দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল কায়েসের সভাপতিত্বে সভায় পৌর মেয়র ওমর ফারুক খান, সমিতির সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।