দাগনভূঞায় যুবলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, অস্ত্র উদ্ধার
ফেনীর দাগনভূঞার সিন্দুরপুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার যুবলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের ভাষ্যমতে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল সকালে চন্দ্রপুর গ্রামে যুবলীগের স্থানীয় নেতা সাইফুলের পক্ষ ও সাহাবউদ্দিনের পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও গুলিবিনিময় হয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে দাগনভূঞা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে ধাওয়া করে। পুলিশের ধাওয়ার মুখে উভয় পক্ষ পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি ও দুটি রামদা উদ্ধার করে।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা যুবলীগের সভাপতি আবুল ফোরকান বুলবুল বলেন, ব্যক্তিগত বিরোধের জের ধরে কিছু ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত জানেন না।
দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল আজিম যুবলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।