দাগনভূঞায় যুবলীগের নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলা সদরে যুবলীগের নেতা জাকের হোসেনকে (৩৫) পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে উপজেলার গজারিয়া সড়কের মাথা নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহত জাকের হোসেন দাগনভূঞা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।
পুলিশ ও এলাকাবাসী জানান, জাকের মঙ্গলবার রাত ১১টার দিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন দলের একজন কর্মীকে দেখে বাড়ি ফিরছিলেন। উপজেলা সদরের গজারিয়া সড়কের মাথা নামক এলাকায় সাত-আটজন দুর্বৃত্ত তাঁর ওপর অতর্কিতে হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা জাকেরকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন জাকের জানান, তিনি এ ঘটনায় মামলা করবেন।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।