দাদন ব্যবসায়ীর অপমানে রিকশাচালকের আত্মহত্যা
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গতকাল সোমবার দুপুরে সুদের টাকা দিতে না পারায় বিষপানে আত্মহত্যা করেছেন নাছির মিয়া (৩৪) নামের এক রিকশাচালক। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
নিহত নাছির মিয়া কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাইন ইউনিয়নের বেড়াখলা দক্ষিণপাড়া গ্রামের আবদুর রহিমের ছেলে। পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিকশাচালক নাছির মিয়া মাস তিনেক আগে পাশের সিদলাই দক্ষিণপাড়া ৯ নম্বর ওয়ার্ডের সিরু মিয়ার ছেলে দাদন ব্যবসায়ী হাসেমের কাছ থেকে সুদে ৪ হাজার টাকা ঋণ নেন। প্রতি হাজারে ৮০০ টাকা লাভে এ ঋণ দেন দাদন ব্যবসায়ী। তিন মাসের মধ্যে লাভের ১৯০০ টাকা পরিশোধের পর রিকশাচালক লাভের বাকি টাকা আর পরিশোধ করতে পারছিলেন না। এ অবস্থায় গতকাল সোমবার সকালে হাসেম ওই রিকশাচালকের বাড়িতে গিয়ে বেলা ৩টার মধ্যে লাভের বাকি টাকা পরিশোধ না করলে নাছির, তাঁর ভাই ও ভাগিনার তিনটি রিকশা নিয়ে যাওয়াসহ নাছিরের স্ত্রীকে নির্যাতনের হুমকি দেন। এসব গালিগালাজ নাছির সহজভাবে নিতে পারেননি। সকাল ৯টায় তিনি বাড়ির পাশে লুকিয়ে বিষ পান করেন। পরে তাঁকে মাটিতে পড়ে থাকতে দেখে বাড়ির লোকজন স্থানীয় চিকিৎসকের কাছে নেন। এ সময় চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।
নিহত নাছিরের স্ত্রীর ভাই সিদলাই ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও সিদলাই গ্রামের বাসিন্দা নাছির উদ্দিন বলেন, ৪ হাজার টাকার সুদ তিন মাসে ২ হাজার ৪০০ টাকার মধ্যে ১ হাজার ৯০০ টাকা দিয়েছে। বাকি ৫০০ টাকার জন্য গাল-মন্দ করায় বিষ পানে আত্মহত্যা করেন নাছির মিয়া।
সিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন মোহাম্মদ বলেন, সুদের টাকা দিতে না পেরেই বিষ পান করে আত্মহত্যা করেছেন ওই দরিদ্র রিকশাচালক।
ঘটনার পর থেকে অভিযুক্ত হাসেমের মুঠোফোন নম্বর বন্ধ। তাঁকে এলাকায়ও পাওয়া যায়নি।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবু মো. শাহজাহান কবির বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।