দাদির হাত ভাঙল নাতি, ৫ দিনেও মামলা নেয়নি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে পিটিয়ে হাসনা হেনা (৬৮) নামের এক বৃদ্ধার হাত ভেঙে দেওয়া হয়েছে। হাসনা হেনা বলেছেন, সম্পত্তি লিখে না দেওয়ায় তাঁর বড় ছেলে সেলিম হোসেনের ছেলে সাব্বির হোসেন ওরফে হৃদয় তাঁর হাত ভেঙে দিয়েছেন। তিনি থানায় অভিযোগ দেওয়ার পাঁচদিনেও অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করেনি নারায়ণগঞ্জ সদর মডেল থানা-পুলিশ।

আজ শনিবার দুপরে নগরীর একটি বেসরকারি ক্লিনিকে হাসনা হেনার হাতে অস্ত্রোপচার করা হয়েছে।
অস্ত্রোপচারের আগে হাসনা হেনা প্রথম আলোকে বলেন, নগর খানপুর এলাকায় মৃত স্বামীর রেখে যাওয়া জমিতে তিনি বসবাস করেন। তাঁর স্বামী সরকারি কর্মকর্তা ছিলেন। তাঁর রেখে যাওয়া পেনশনের টাকায় তিনি চলেন। ছেলেমেয়েরা নিজ নিজ সংসার নিয়ে ব্যস্ত। ওই বৃদ্ধার দাবি, তাঁর বড় ছেলে সেলিম হোসেনের ছেলে সাব্বির হোসেন ওরফে হৃদয় দীর্ঘদিন ধরে তাঁকে সম্পত্তি লিখে দিতে চাপ দিচ্ছিলেন এবং তাঁকে ভিটা থেকে উচ্ছেদ করার জন্য মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন।
হাসনা হেনা বলেন, গত ১২ অক্টোবর সন্ধ্যা ছয়টার দিকে হৃদয় ও তাঁর স্ত্রীর বড় ভাই শরীফ হোসেন মিলে তাঁকে বেধড়ক পেটান।
এরপর তাৎক্ষণিকভাবে তাঁকে ৩০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। নির্যাতনে তাঁর বাম হাত ভেঙে যায়।

ওই নারী জানান, ওই ঘটনার পর গত ১২ অক্টোবর রাতেই নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এরপর সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল জলিলকে ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়। আবদুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পান। কিন্তু ইতিমধ্যে চার দিন পেরিয়ে গেলেও পুলিশ তাঁর মামলাটি গ্রহণ করেনি।

এ ব্যাপারে জানতে চাইলে আজ দুপুরে এএসআই আবদুল জলিল প্রথম আলোকে বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করে বৃদ্ধা হাসনা হেনার ওপর তার নাতি হৃদয়ের নির্যাতন চালানোর অভিযোগের সত্যতা পেয়েছি। সন্ত্রাসী, মাদকাসক্ত হৃদয় ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি যখন থানায় থাকি তখন বাদী আসেন না। এ কারণে মামলাটি রেকর্ডভুক্ত করা হয়নি।’

পুলিশের বক্তব্য প্রসঙ্গে হাসনা হেনা বলেন, ‘ঘটনার পরে আমি দুইবার থানায় গিয়েছি, কিন্তু পুলিশ আমার মামলা রেকর্ড করেনি। পরবর্তীতে আমি আরও গুরুতর অসুস্থ হয়ে পরায় আমি সশরীরে থানায় যেতে পারিনি।’

হাসনা হেনার চিকিৎসক, অর্থোপেডিকস সার্জন ডা. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, তার বাম হাতে হাড়ের আঘাত গুরুতর। সেখানে অস্ত্রোপচার করতে হয়েছে।