দান করা জমি থেকে এক পরিবারকে উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলায় দান করা জমি থেকে এক পরিবারকে জমিদাতার ছেলেরা উচ্ছেদ করেছে বলে অভিযোগ উঠেছে। বাড়িঘর গুঁড়িয়ে দিয়ে গত শুক্রবার তাদের উচ্ছেদ করা হয়। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
এদিকে, আসামিরা মামলা প্রত্যাহার ও অবৈধ দখলদারকে স্থায়ীভাবে উচ্ছেদ করার দাবিতে গতকাল বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন।
উপজেলার মশিন্দা শিকারপাড়া গ্রামে গত শুক্রবার বেলা দেড়টার দিকে ফজলুর রহমানের (৬০) বাড়িতে ওই হামলার ঘটনা ঘটে। ফজলুর বলেন, প্রায় ১০০ বছর ধরে তাঁর বাপ-দাদা ও তিনি এই ৭ শতাংশ জমিতে বসবাস করছেন। জমিদাতা ইছা প্রামাণিকের ছেলেরা নানা রকম হয়রানি করায় তিনি ২৩ জানুয়ারি আদালতে একটি মামলা করেন। এরপর জমিদাতার ওয়ারিশরা এ জমি মসজিদ কমিটিকে লিখে দেন।
এরপর গত শুক্রবার জমিদাতার দুই ছেলে আবদুল হালিম ও আবদুল হক ১০০-১৫০ জন লোক নিয়ে তাঁদের বাড়িতে হামলা করেন। তাঁরা তিনটি ঘর গুঁড়িয়ে দেন। ভেঙে ফেলেন টিউবওয়েলের মাথা, শৌচাগার। টিনের বেড়া, চালসহ প্রয়োজনীয় আসবাব পাশের ডোবা ও সড়কের পাশে ফেলে দেন। এ ঘটনায় তিনি শুক্রবার থানায় অভিযোগ দেন। গতকাল শনিবার তা মামলা হিসেবে রেকর্ড হয়।
এদিকে গতকাল দুপুরে ফজলুর রহমানের দায়ের করা মামলার আসামিরা মামলা প্রত্যাহার ও অবৈধ দখলদারকে স্থায়ীভাবে উচ্ছেদ করে মসজিদের অনুকূলে জায়গাটি বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন। মশিন্দা শিকারপাড়া-রানীগ্রাম চৌরাস্তা মোড়ে অবস্থিত মসজিদ-সংলগ্ন সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে মামলার এক আসামি এনামুল হক সভাপতিত্ব করেন।
আবদুল হালিম ও আবদুল হক অভিযোগ করেন, ফজলুর রহমান তাঁর বাড়িতে দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। এর প্রতিবাদ করায় তিনি ক্ষুব্ধ হয়ে তাঁরা দুজনসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে হয়রানিমূলক মামলা করেন। বাধ্য হয়ে তাঁরা তাঁদের বাবা ইছা প্রামাণিকের দান করা জায়গাটি মসজিদের অনুকূলে নিবন্ধন করে দেন।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক রমজান আলী বলেন, জায়গাটি মসজিদকে দিয়ে দেওয়ায় সভা ডেকে ফজলুরকে পুনর্বাসন করার সিদ্ধান্ত হয়। বাড়িঘর সরিয়ে নেওয়ার জন্য ফজলুরকে এক লাখ টাকা দেওয়ার মৌখিক সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্তে ফজলুর রহমানের সম্মতি ছিল। পরে তিনি পুলিশ এনে মসজিদ কমিটির দুই সদস্যকে হয়রানি করেন। এতে গ্রামের মানুষ ক্ষুব্ধ হয়ে ফজলুরের বাড়িতে হামলা চালায়।
তবে ফজলুর এ অভিযোগ অস্বীকার করেছেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, বাড়িঘর উচ্ছেদ করে একটি পরিবারকে নিঃস্ব করা ঠিক নয়। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।