দাপিয়ে বেড়াচ্ছে ছিনতাইকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরের গুপ্তপাড়ায় বাবার বাড়ি থেকে নিজের বাড়ি সেনপাড়ায় রিকশায় ফিরছিলেন স্থানীয় আনন্দলোক ডিগ্রি কলেজের প্রভাষক কানিজ ফাতেমা। সঙ্গে ১৪ বছরের মেয়ে। কিছু দূর গেছেন। সন্ধ্যা ছয়টার মতো বাজে। এমন সময় একটি মোটরসাইকেল এসে থামল তাঁদের পথ রোধ করে। আরোহী তিন যুবকের দুজন নেমে পড়ল ঝটপট। একজন কোমর থেকে ছোরা বের করে ধরল মেয়ের গলায়। অন্যজন তাঁর হাত থেকে কেড়ে নিল ব্যাগ আর মুঠোফোন। হ্যাঁচকা টানে গলা থেকে খুলে নিল সোনার চেইন। তারপর মোটরসাইকেলে উঠে চোখের পলকে চম্পট। ঘটনাটি গত রোববারের।
স্থানীয় লোকজন জানালেন, এখন এমন কোনো দিন নেই যে ছিনতাইয়ের ঘটনা ঘটছে না। রাত-দিনের তফাত নেই। যেকোনো সময়, যেকোনো এলাকায়, যে কেউ ছিনতাইকারীর কবলে পড়তে পারেন এই শহরে।
রংপুর শহরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে কথা বলে দেখা গেল, বছর খানেক ধরে ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। শহরজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ছিনতাইকারীরা। বিকেলের পর থেকে ছিনতাইয়ের ঘটনা তুলনামূলক বেশি ঘটে। সন্ধ্যা ঘনিয়ে আসার পর থেকেই সাধারণ লোক দ্রুত হাতের কাজ শেষ করে ঘরে ফিরতে ব্যগ্র হয়ে ওঠেন।
এমনিতেই উত্তরের এই জনপদটি শান্ত-নিরিবিলি প্রকৃতির। এখন ছিনতাইকারীদের দৌরাত্ম্যে মোটামুটি রাত আটটার পর থেকে বিভাগীয় শহরটিতে বলতে গেলে আর কোনো প্রাণস্পন্দন থাকে না।
কারমাইকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ-ই ফজলুল জানালেন, গত জুলাই মাসে কারমাইকেল কলেজ ক্যাম্পাসেই ৫১টি ছিনতাইয়ের ঘটনার অভিযোগ এসেছে তাঁদের কাছে। ক্যাম্পাসে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রশাসনকেও জানিয়েছেন। ছিনতাই বন্ধ হচ্ছে না।
ছিনতাইয়ের ঘটনায় সাধারণত থানায় মামলা হয় না। ঝামেলা এড়াতে ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করা থেকে বিরত থাকেন। তবে কানিজ ফাতেমা মামলা করেছেন। তিনি প্রথম আলোকে বললেন, মামলা করে আরও উটকো ঝামেলায় পড়েছেন। কেউ আটক হলেই থানা থেকে ফোন করে যেতে বলা হয় শনাক্ত করার জন্য। বাড়ির সবাই এ নিয়ে নতুন করে উদ্বিগ্ন।
যদিও পুলিশ সুপার আবদুর রাজ্জাক জানিয়েছেন, ছিনতাইকারী দমনে পুলিশ কাজ করছে। গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত রংপুর শহরে ছিনতাইয়ের ঘটনায় ১৩৭ জনকে আটক করে মামলা দেওয়া হয়েছে। এ সময় মোটরসাইকেল চুরি ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ১২৫ জনকে। ছিনতাই প্রতিরোধের জন্য সাতটি বিশেষ টহল দল করা হয়েছে। এ ছাড়া আরও ১১টি দল রাতে টহল দিচ্ছে।
কিন্তু বাস্তবতা হচ্ছে, পরিস্থিতির উন্নতি হচ্ছে না। গত ২২ জুলাই বিকাশের টাকা নিয়ে শহরে ফেরার সময় মাইনুল হাসান ও ওবায়দুল ইসলামের কাছ থেকে ছোট পুল এলাকায় নয় লাখ ২৬ হাজার টাকা কেড়ে নেয় ছিনতাইকারীরা। পথচলতি লোকের কাছ থেকে টাকা, মুঠোফোন, নারীদের হাতব্যাগ, গলার চেইন, কানের দুল এসব ছিনতাইয়ের পাশাপাশি মোটরসাইকেল ছিনতাই ও চুরির ঘটনাও ঘটছে অহরহ। গত শুক্রবার শহরের রামগোবিন্দ বাহার কাছনা এলাকায় হাবিবুর রহমানের বাড়িতে দিনের বেলায় দরজা ভেঙে ঢুকে চোরেরা ১২ ভরি স্বর্ণালংকারসহ প্রায় সাড়ে ছয় লাখ টাকার মালামাল নিয়ে যায়। তাঁরা বাড়িতে ছিলেন না, বেড়াতে গিয়েছিলেন।
ক্রমবর্ধমান ছিনতাইয়ের প্রধান কারণ হিসেবে জনসাধারণ ও পুলিশ উভয় পক্ষই দায়ী মনে করছেন মাদকাসক্তি। শহরে যত্রতত্র মাদক বিক্রি হচ্ছে। সংখ্যা বাড়ছে মাদকাসক্তদের। তারা মাদকের টাকা জোগাড় করতে ছিনতাইয়ে নেমে পড়ছে।
জেলার সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি কারমাইকেল কলেজের সাবেক শিক্ষক মলয় কিশোর ভট্টাচার্য বলেন, ‘রংপুর শহরে কোনো চুরি-ডাকাতির ভয় ছিল না। ছিনতাই তো পরের কথা। একসময় আমরা ঘরের দরজা-জানালা খুলেই ঘুমিয়েছি। সেই শহরে এখন দিনের বেলায় পথ চলতেই ভয় হয়। রংপুরকে এখন ছিনতাই আর মাদকের শহর বললে অত্যুক্তি হবে না।’
নিরাপত্তাহীনতা বোধ করছেন ব্যবসায়ীরাও। মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, রংপুর শহর যেমন জেলা থেকে বিভাগে উন্নত হয়েছে, ছিনতাই-রাহাজানিরও উন্নতি হয়েছে। পুলিশ অন্য বিষয় নিয়ে ব্যস্ত থাকে। ছিনতাইয়ের মামলা নেয় না, প্রতিরোধ করা নিয়ে তাদের তৎপরতা নেই। তাঁর দোকানের দুই কর্মচারী ছিনতাইয়ের কবলে পড়েছেন গত জুলাই মাসে।
পুলিশ সুপার আবদুর রাজ্জাক অস্বীকার করলেন না ছিনতাই, মাদকাসক্তি বৃদ্ধির ঘটনা। বললেন, শহরের মাদকাসক্তের সংখ্যা বাড়ছে। বেশির ভাগ ছিনতাইকারীই মাদকাসক্ত।
পুলিশ সুপারের দাবি, পুলিশ ছিনতাইয়ের মামলা নেয় না, এ অভিযোগ ঠিক নয়। পুলিশ নিষ্ক্রিয়ও নয়। তিনি বলেন, আসলে লোকে ছিনতাইয়ে মামলা করতেই আগ্রহ পায় না। এর কারণও আছে। মামলা করলে কিছু আইনি প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়। সে জন্য সময় দিতে হয়। কেউ গ্রেপ্তার হলে অভিযোগকারীকে থানায় এসে শনাক্ত করতে হয়। এসব ঝামেলা বলে মনে করে এড়িয়ে চলে।
বিভাগীয় শহর হওয়ার পর রংপুরে জনসংখ্যা অনেক বেড়েছে। আশপাশের জেলা থেকে কাজের সন্ধানে অনেক লোক এখানে এসে বসবাস করছে। এ ছাড়া আগে থেকেই ছিল মেডিকেল কলেজ ও কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ। নতুন করে হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। প্রচুর শিক্ষার্থী এসেছে শহরে। পুলিশ সুপার খোলামেলাই বললেন, লোকসংখ্যা যেভাবে বেড়েছে, সে তুলনায় পুলিশের জনবল বাড়েনি। মেট্রোপলিটন শহর হলেও পুলিশ এখনো জেলা পুলিশ হিসেবে পুরোনো জনবল নিয়েই আছে। এসব কারণে বিশেষ অভিযান পরিচালনা করা হলে ছিনতাই কমে আবার অভিযান বন্ধ হলে ছিনতাই বাড়ে, এই হলো অবস্থা।
মামলা না হওয়ায় রোজ বা মাসে কতগুলো ছিনতাই হচ্ছে তার পরিসংখ্যান পাওয়া যায়নি। তবে পুলিশ সুপারের দেওয়া গ্রেপ্তারের পরিসংখ্যান থেকেই এটা পরিষ্কার, মামলা ছাড়াই যখন শত শত ছিনতাইকারী গ্রেপ্তার হচ্ছে তখন এই শহরের বাস্তব অবস্থা কতটা উদ্বেগজনক। এ উদ্বেগ নিয়েই দিন যাচ্ছে রংপুরবাসীর।