দাফনের জন্য গোসলের সময় দেখা গেল মৃত নবজাতক ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম
চট্টগ্রাম

শ্বাসকষ্টসহ শারীরিক নানা জটিলতা নিয়ে দুই দিনের কন্যাশিশুটিকে গত শুক্রবার ভর্তি করা হয়েছিল চট্টগ্রাম নগরের পাঁচলাইশের বেসরকারি একটি হাসপাতালে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নবজাতকটি মারা গেছে। এরপর অভিভাবকদের হাতে মরদেহ তুলে দেওয়া হয়।

মৃত সন্তানকে ঘিরে কান্নায় ভেঙে পড়েন মা রোকসানা আক্তারসহ স্বজনেরা। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নেওয়ার পর দাফনের আগে গোসল করানোর সময় দেখা যায়, নবজাতকের মরদেহ কন্যাশিশুর নয়, ছেলেশিশুর।

পরিবার গতকাল রাতেই মৃত শিশুকে নিয়ে আবার চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। রাত ১২টার দিকে চাইল্ড কেয়ার হাসপাতালে পৌঁছায় তারা। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ভুল বুঝতে পারে। ওই ছেলে নবজাতকটি ছিল আরেকজনের। পরে মৃত ছেলেটিকে তাদের বুঝিয়ে দেওয়া হয়। রোকসানার কন্যাসন্তানটি বেঁচে আছে।

এই ঘটনায় দুই পক্ষই হাসপাতালের ওপর ক্ষুব্ধ। এমন ঘটনার পর আজ বুধবার রোকসানা চাইল্ড কেয়ার হাসপাতাল থেকে শিশুটিকে বেসরকারি অন্য একটি হাসপাতালে নিয়ে যান।

রোকসানার ভাই জাহাঙ্গীর হোসেন বলেন, ‘হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) কন্যাশিশুটি চিকিৎসাধীন ছিল। গতকাল সকালে আমার ভাগনি মারা যায় বলে হাসপাতাল থেকে জানিয়ে দেয়। এরপর লাশ বাড়িতে পাঠিয়ে দিই। পরে দাফনের আগে গোসল করানোর সময় দেখা যায়, সেটি অন্য কারও নবজাতক এবং সে ছেলে। পরে আবার আমার বোন ছেলেটিকে নিয়ে রওনা দেন চট্টগ্রামে। হাসপাতাল কর্তৃপক্ষ ভুল স্বীকার করে ক্ষমা চায় আমাদের কাছে। আসা-যাওয়ার খরচও দিয়েছে।’

জানা গেছে, হাসপাতালে আবার গিয়ে রোকসানা তাঁর নিজের কন্যাসন্তানকে দেখে আনন্দের কান্নায় ভেঙে পড়েন। এরপর আজ সকালে নগরের বেসরকারি আরেকটি হাসপাতালে শিশুটিকে চিকিৎসার জন্য নিয়ে যান।

রোকসানার অভিযোগ, ‘এমন দায়িত্বহীন ঘটনা কীভাবে করে একটা হাসপাতাল। এটা চিন্তা করা যায় না। আমরা এই ঘটনায় ক্ষুব্ধ।’

জানা গেছে, নবজাতক ওই ছেলেশিশুকেও গত শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার ১০ মিনিট পর মেয়েশিশুটি ভর্তি হয়। দুই নবজাতককে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল। নবজাতক ছেলেশিশুটিকেও আনা হয়েছিল নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে। গতকাল রাতে অভিভাবককে মৃত ছেলেটি বুঝিয়ে দেওয়া হয়। তাঁরা তখন ক্ষুব্ধ হন।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম হাসান রেজা বলেন, ‘একই বয়সের নবজাতক এবং ঠিকানা একই হওয়ায় এই ভুল হয়ে গেছে। এ ঘটনার পর স্বাভাবিকভাবে আমরা ক্ষমাপ্রার্থী। তাঁরাও আমাদের ওপর আস্থা রাখতে পারবেন না। তাই বলেছি, চাইলে তাঁরা অন্য কোথাও নিয়ে যেতে পারেন নবজাতকটিকে।’

অভিভাবকেরা পাঁচলাইশ থানাকেও মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। পুলিশও ঘটনাস্থলে যায়। পরে অভিভাবকদের বুঝিয়ে আজ ভোরে ছেলে নবজাতকের লাশ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, ‘বিষয়টি অনেক জটিল আকার ধারণ করেছিল। আমরা অনেক সতর্কতার সঙ্গে এটা সমাধান করেছি। ডিএনএ পরীক্ষার প্রশ্নও চলে এসেছিল। একজনের বাচ্চা মারা গেছে সকালে। রাত আটটায়ও তাকে বলা হয়েছিল শিশুটি ভালো আছে। রাত একটায় নোয়াখালী থেকে মৃত বাচ্চাটি আনার পর বলা হলো, মারা গেছে। এটা কে মানবে? তবে তাদের বোঝাতে সক্ষম হয়েছি আমরা।’