দাবি আদায়ে কলেজে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগ
ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে গতকাল বুধবার নাটোরের নবাব সিরাজউদদৌলা (এনএস) সরকারি কলেজে ক্লাস বর্জন করে অধ্যক্ষের কার্যালয় ও শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা। নির্বাচনের তারিখ ঘোষণা না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনেরও ঘোষণা দেওয়া হয়েছে।
এনএস কলেজের শিক্ষার্থীরা বলেন, ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীদের ক্লাস বর্জনের আহ্বান জানান। এ সময় নেতা-কর্মীরা প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ থেকে বের হওয়ার নির্দেশ দেন। এতে শিক্ষার্থীরাও তড়িঘড়ি করে শ্রেণিকক্ষ ছেড়ে বাইরে চলে আসেন। পরে নেতা-কর্মীরা ১৩টি বিভাগে তালা ঝুলিয়ে দেন। একপর্যায়ে অধ্যক্ষের কার্যালয়েও তালা ঝুলিয়ে দেওয়া হয়।
ছাত্রলীগের নেতা-কর্মীরা বেলা ১১টার দিকে শিক্ষার্থীদের নিয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে স্লোগান দিয়ে কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল করেন। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি এস এস শাহাদৎ হোসেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান শাকিব প্রমুখ।
শাহাদৎ হোসেন বলেন, ছাত্র সংসদ নির্বাচনের দাবি শুধু ছাত্রলীগের নয়, এতে সাধারণ শিক্ষার্থীদের সমর্থন রয়েছে। তাঁরা সবাই মিলিতভাবে এই আন্দোলন করছেন। কোনো শিক্ষার্থীকে জোর করে শ্রেণিকক্ষ থেকে বের করা হয়নি। স্বেচ্ছায় তাঁরা আন্দোলনে অংশ নিয়েছেন।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক বাংলা ও ইতিহাস বিভাগের দুই ছাত্র বলেন, তাঁরাসহ সাধারণ শিক্ষার্থীরা ক্লাস বন্ধ করে আন্দোলন করার বিপক্ষে। কিন্তু ছাত্রলীগের নেতা-কর্মীদের হুমকির মুখে তাঁরা তাঁদের মতামত তুলে ধরতে পারছেন না। এতে সবারই পড়ালেখা ব্যাহত হবে।
কলেজের অধ্যক্ষ আবদুল কুদ্দুস মৃধা বলেন, শিক্ষকদের নিয়ে বৈঠক করে ছাত্র সংসদের গঠনতন্ত্র সংশোধন করে নির্বাচনের দিন ঘোষণা করা হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত করতে ছাত্রনেতাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে।