দাবি করা তিন লাখ টাকা না পাওয়ায় নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মহিউদ্দিন দাবি করা তিন লাখ টাকা না দেওয়ায় উপজেলার খাঞ্জাপুর গ্রামের কাতারপ্রবাসী এক যুবককে গ্রেপ্তারের পর নির্যাতন করে শরীরেরর বিভন্ন স্থান জখম করেছেন। নির্যাতনের একপর্যায়ে ডান হাত ভেঙে যায়।
ওই প্রবাসীর নাম মনির সরদার (৩২)। তাঁকে মুমূর্ষু অবস্থায় বিনা চিকিৎসায় বুধবার রাত পৌনে একটায় বরিশাল পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মো. মোসলেম সরদারের ছেলে মনির সরদার ২০১৪ সালের মে মাসে জীবিকার তাগিদে কাতার যান। ১৫-২০ দিন আগে ছুটিতে বাড়ি আসেন। মোসলেম সরদার জানান, মনির বাড়িতে আসার কয়েক দিন পর পুলিশ বাড়িতে এসে তাঁর নামে গৌরনদী থানায় ওয়ারেন্ট আছে বলে তাঁকে খুঁজতে থাকে। পুলিশের ভয়ে মনির আত্মগোপন করেন। পরে খোঁজ নিয়ে জানা গেছে, বিদেশ যাওয়ার ১ মাস ১১ দিন পরে গৌরনদী মডেল থানায় দায়ের করা দুটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মনির।
পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার বেলা তিনটার দিকে গৌরনদী মডেল থানার এএসআই মো. মহিউদ্দিন উপজেলার ভূরঘাটা এলাকা থেকে মনির সরদারকে গ্রেপ্তার করেন।
মনির সরদারের চাচা বেসরকারি কলেজশিক্ষক এস এম রাসেল অভিযোগ করে বলেন, ‘মনিরকে গ্রেপ্তারের পর পুলিশ আমাদের কাছে তিন লাখ টাকা দাবি করে। টাকা না দিলে মনিরের অবস্থা বেহাল করে ১০০ ইয়াবা বড়িসহ মামলা দিয়ে কোর্টে চালান দেওয়ার হুমকি দেয়।’
মোসলেম সরদার অভিযোগ করেন, ‘তিন লাখ টাকা দেওয়ার মতো অবস্থা নেই বিষয়টি দারোগা মহিউদ্দিনকে জানালে তিনি ক্ষিপ্ত হয়ে উঠে আমারে বলেন, এত দিন বিদেশ থেকে এসেছে টাকা নাই, তয় মজা দেখাইতেছি বলেই মনিরকে মারধর শুরু করেন।’ নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে মোসলেম কান্নায় ভেঙে পড়েন। কাঁদতে কাঁদতে একপর্যায়ে আরও বলেন, ‘পুলিশ মোর বাবাকে পিটিয়ে সারা শরীর দিয়ে রক্ত বাইর করছে। প্লাস দিয়ে হাতের বুড়ো আঙুল চেপে রক্ত বাইর করেছে। একপর্যায়ে ডান হাতের গোড়া ও কবজি ভেঙে দিয়েছে। আমার বাবায় অন্যায় করলে আপনারা তারে মাইরা ফালান মুই কষ্ট পামু না। অন্যায় ছাড়া আমার বাবারে পুলিশ এই রহম মারছে। কার কাছে গেলে বিচার পামু, আল্লাহ তুমি এর বিচার করো।’
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. মাহবুব আলম মির্জা বলেন, রাতে এএসআই মহিউদ্দিন এক রোগীকে নিয়ে এসে মনির নামে রোগীকে গণপিটুনি দিয়েছে বলে হাসপাতালে ভর্তি করেন। কিন্তু কিছুক্ষণ পর চিকিৎসা না দিয়ে বরিশাল পাঠানোর কথা বলে নিয়ে যান। রোগীর শরীরের বিভিন্ন স্থানে ক্ষত এবং ডান হাত ভাঙা ছিল।
অভিযোগ সম্পর্কে এএসআই মো. মহিউদ্দিন টাকা দাবি ও নির্যাতনের কথা অস্বীকার করে বলেন, গ্রেপ্তার করতে গলে ধস্তাধস্তিতে সে হাতে ব্যথা পেয়ে থাকতে পারে।
এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির বলেন, টাকা দাবির অভিযোগের সত্যতা নেই। হাত ভাঙা প্রসঙ্গে বলেন, কিছুদিন আগে আছাড় খেয়ে মনিরের হাত ভেঙে গেছে। এএসআই মহিউদ্দিন অতি-উৎসাহী হয়ে কাজ করেছে, তার বিচার সে পাবে। এএসআই মহিউদ্দিনের বিরুদ্ধে মঙ্গলবার রাতে বরিশাল পুলিশ সুপারের কাছে রিপোর্ট করা হয়েছে। এই অপরাধে গতকাল বুধবার বিকেলে এএসআই মো. মহিউদ্দিনকে বরিশাল পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।