দাম বাড়ায় সাড়া নেই গরু মোটাতাজাকরণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া পৌরসভার বৃশালিখা মহল্লার আতোয়ার আলী কোরবানির হাট সামনে রেখে ১০ বছর ধরে গরু পালন করে আসছেন। গত বছরেও তিনি ঈদ-উল আজহার মাস ছয়েক আগে দুটি ছোট আকৃতির এঁড়ে গরু কিনে মোটাতাজা করে কোরবানির হাটে বিক্রি করেছিলেন। কিন্তু এবার কোরবানিকে সামনে রেখে গরু কেনার সময় পার হতে বসলেও তিনি কেনেননি।
আতোয়ার বলেন, ‘গত বছর এই সময়ে মোটাতাজা করার জন্য ২০ হাজার টাকায় যে গরু কিনেছি এবার তার দাম ৩৫ হাজার টাকা। গতবারই কোনোরকমে খরচ তুলতে পারিছি। আর এবার এ্যাত দামে গরু কিইন্যা ছয় মাস লালন-পালন কইর্যাট লাভ তো দূরের কথা খরচই তুলব্যার পারব কি-না সন্দেহ। তাই লোকসানের ভয়ে এবার গরু পালার ইচ্ছা বাদ দিছি।’
শুধু আতোয়ার আলীই নন, দেশের অন্যতম গরু পালনকারী অঞ্চল পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলা বেশির ভাগ মানুষই এবার গরু মোটাতাজাকরণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তাঁদের ভয়, বর্তমানে যে চড়া দাম আছে আগামী কোরবানির হাটেও সেই চড়া দাম থাকবে কি-না। কারণ, বর্তমানে শুধু গরুর দামই চড়া নয়, গো-খাদ্যের দামও চড়া। এ অবস্থায় গরুর দামসহ লালন-পালনের পেছনে বিনিয়োগ করা টাকা উঠে আসবে কি-না তা নিয়ে শঙ্কিত এই এলাকার অধিকাংশ গরু লালন-পালনকারী মানুষ।
গরু ব্যবসায়ী ও গরু মোটাতাজাকরণের সঙ্গে জড়িত পাঁচ-ছয়জন জানান, মূলত ভারতীয় গরুর আমদানি বন্ধ হওয়ায় দেশি গরুর চাহিদা ও দাম ব্যাপক বেড়ে গেছে। আর এ বিষয়টি গরু মোটাতাজাকরণে উৎসাহ হারানোর প্রধান কারণ। অবশ্য দীর্ঘদিন ধরে এ এলাকার গরু লালন-পালনকারীরা ভারতীয় গরুর আমদানি সীমিত অথবা বন্ধের দাবি করে আসছেন। কারণ, অবাধে ভারতীয় গরুর আমদানির কারণেই এ এলাকার গরু লালন-পালনকারীরা কোরবানির হাটে ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছিলেন। তবে বর্তমানে যেভাবে গরুর আমদানি বন্ধ রয়েছে তাতে খুশির পরিবর্তে আতঙ্কই ভর করেছে গরু লালন-পালনকারীদের মধ্যে।
বেড়া কৃষি ক্লাবের সভাপতি ফিরোজ মিয়া বলেন, ‘ভারতীয় গরুর আমদানি যদি স্থায়ীভাবে বন্ধ হয় তাতে এ এলাকার গরু পালনকারীরা অবশ্যই উপকৃত হবেন। তবে বর্তমানে যেভাবে ভারতীয় গরুর আমদানি বন্ধ রয়েছে তা স্থায়ী থাকবে কি-না সে ব্যাপারে আমরা কেউ নিশ্চিত নই। এখন ধরা যাক, কোরবানির হাট সামনে রেখে বেশি দামে আমরা গরু কিনে লালন-পালন শুরু করলাম। কিন্তু কোরবানির হাটের সামনে আবারও ভারতীয় গরুর আমদানি শুরু হলো। তখন তো ভারতীয় গরুর কাছে টিকতে না পেরে আমাদের চরম লোকসানে গরু বিক্রি করতে হবে। আর এ জন্যই এ এলাকার বেশির ভাগ মানুষ গরু মোটাতাজাকরণ থেকে বিরত রয়েছেন।’
বেড়া পৌর এলাকার বৃশালিখা মহল্লার গরু ব্যবসায়ী মোমিনুল ইসলাম পাঁচ বছর ধরে গরু মোটাতাজাকরণের সঙ্গে জড়িত। গত বছরেও তিনি কোরবানির হাট সামনে রেখে ৯০টি গরু মোটাতাজা করেছেন। কিন্তু এবার তাঁর একটিও গরু নেই। মমিনুল বলেন, ‘বেড়া-সাঁথিয়ার অর্ধ শতাধিক ব্যবসায়ী কোরবানির মাস ছয়েক আগে থেকে গরু মোটাতাজাকরণের কাজ করে। গতবার অল্পদামে গরু কেনার পরেও কোরবানির হাটে আমরা ধরা খাইছি। তাই এবার এত চড়া দামে গরু কেনার সাহস নাই।’
গরু ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট আরও অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, এমন অবস্থা চলতে থাকলে এবারের কোরবানির হাটে দেশীয় গরুর মারাত্মক সংকট দেখা দিতে পারে।