দামুড়হুদায় ২১টি রাইফেলসহ কাভার্ড ভ্যান জব্দ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে ২১টি অত্যাধুনিক লেন্সযুক্ত এয়ার রাইফেলসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে পুলিশের একটি টহল দল লোকনাথপুর এলাকায় টহল দিচ্ছিল। রাত দুইটার দিকে দর্শনা থেকে একটি দ্রুত গতির কাভার্ড ভ্যানকে চুয়াডাঙ্গার দিকে আসতে দেখে পুলিশ সেটিকে থামার নির্দেশ দেয়। কাভার্ড ভ্যানটি পুলিশের গাড়িতে ধাক্কা মেরে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাদের পিছু ধাওয়া করলে কাভার্ড ভ্যানটি জয়রামপুর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়। এ সময় কাভার্ড ভ্যানে থাকা অস্ত্র চোরাচালানিরা পালিয়ে যায়। পরে কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ২১টি অত্যাধুনিক লেন্সযুক্ত এয়ার রাইফেল উদ্ধার করে পুলিশ।