দামুড়হুদা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছ থেকে বহিষ্কারাদেশ গ্রহণ করেন।
আজিজুর রহমান জামায়াতে ইসলামী জেলা শাখার সাবেক সেক্রেটারি।
ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, আজিজুরকে বহিষ্কারের বিষয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব জুলিয়া মঈন ২ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করেন। এই পরিপ্রেক্ষিতে পাঠানো চিঠি গত সোমবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইউএনওর কার্যালয়ে পাঠানো হয়। ইউএনও ওই দিন বিকেলে চেয়ারম্যানের কাছে সাময়িক বহিষ্কারাদেশ হস্তান্তর করেন। আজিজুর রহমান বহিষ্কারাদেশ হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধে করা দামুড়হুদা মডেল থানার মামলার অভিযোগপত্র আদালত গ্রহণ করেছেন। তাই তাঁর দ্বারা উপজেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী বলে সরকার মনে করে। এ কারণে উপজেলা পরিষদ আইন অনুযায়ী, আজিজুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
২০১৪ সালের ১৫ মার্চ জেলা জামায়াতের তৎকালীন শূরা সদস্য আজিজুর রহমান উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
নিয়ম অনুযায়ী প্যানেল চেয়ারম্যানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালনের কথা। কিন্তু বর্তমান প্যানেল চেয়ারম্যান জামায়াত-সমর্থিত। তাই বিষয়টি নিয়ে গতকাল মঙ্গলবার পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
গতকাল বিকেলে জানতে চাইলে ইউএনও রফিকুল হাসান বলেন, সোমবার বিকেল থেকেই সাময়িক বহিষ্কারাদেশ কার্যকরসহ প্রয়োজনীয় সবকিছু করা হয়েছে। এ ছাড়া শিগগিরই উপজেলা পরিষদের জরুরি সভা ডেকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।