দামুড়হুদায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতের আমির শরিফুল আলমকে দায়িত্ব থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব শরীফা আহমেদ স্বাক্ষরিত এক আদেশে তাঁকে বহিষ্কার করা হয়।
গতকাল রোববার সন্ধ্যায় শরিফুল আলম প্রথম আলোর কাছে তাঁর সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৯ নভেম্বর শরীফা আহমেদের সই করা চিঠিটি গতকাল বিকেলে হাতে পেয়েছেন। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদুর রহমান বহিষ্কারাদেশের চিঠিটি তাঁকে দেন।
ওই আদেশে বলা হয়েছে, উপজেলার দামুড়হুদা ইউপির চেয়ারম্যান শরিফুল আলমের বিরুদ্ধে ২০১৪ সালের একটি মামলায় অভিযোগপত্র আদালতে গৃহীত হয়েছে। যেহেতু বিজ্ঞ আদালতে উল্লিখিত ইউপির চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা বিচারাধীন থাকায় তাঁর দ্বারা ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী মর্মে সরকার মনে করে, সেহেতু ওই ইউপির চেয়ারম্যানকে স্থানীয় সরকার আইন, ২০০৯-এর ৩৪(১) ধারা মোতাবেক সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি এই আদেশ দ্রুততম সময়ে কার্যকর করা হবে।