দামুড়হুদায় ব্যবসায়ীর ২ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ছিনতাইকারীরা এক ব্যবসায়ীর প্রায় পৌনে দুই লাখ টাকা এবং দুই ব্যবসায়ীসহ তিনজনের মুঠোফোন ছিনতাই করেছে। উপজেলার হাউলী ইউনিয়নের বড়দুধপাতিলা চৌরাস্তা মোড়ে গত সোমবার রাতে এ ঘটনা ঘটেছে।

ছিনতাইকারীদের হামলায় পাওয়ারটিলারের চালক ও দুই ব্যবসায়ী আহত হন। তাঁরা হলেন গরু ব্যবসায়ী জসিম উদ্দীন ও শাহাবুদ্দীন এবং চালক শরিফুল ইসলাম। ছিনতাইয়ের ঘটনায় জসিম উদ্দীন বাদী হয়ে সোমবার রাতেই দামুড়হুদা মডেল থানায় মামলা করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার উপজেলার ডুগডুগি হাটে গরু বিক্রি শেষে জসিম ও শাহাবুদ্দীন পাওয়ারটিলারে করে বাড়ি ফিরছিলেন। বড়দুধপাতিলা চৌরাস্তা মোড়ে তাঁরা ছিনাইয়ের শিকার হন।

দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ মো. ফকরুল আলম খান বলেন, ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা হাট থেকেই ব্যবসায়ীদের অনুসরণ করেছে। তাদের ধরতে অভিযান চলছে।