দামুড়হুদায় সরকারি গাছ কাটায় থানায় অভিযোগ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর-গোপালপুর এক কিলোমিটার রাস্তার দুই পাশ থেকে বিভিন্ন প্রজাতির ৪০টি গাছ কেটে ফেলা হয়েছে।
এ ঘটনায় জুড়ানপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম গাছ চুরির অভিযোগ এনে গতকাল সোমবার থানায় তিনজনের নামে লিখিত অভিযোগ দিয়েছেন।
এদিকে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবদুল হালিম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) চিঠি দিয়েছেন।
সিরাজুল ইসলামের ওই লিখিত অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর গ্রামে রাস্তার পাশ থেকে গত রোববার কয়েকজন ব্যক্তি গাছ কেটে নিয়ে যাচ্ছে বলে সিরাজুল খবর পান। পরে বেলা তিনটার দিকে তিনি ঘটনাস্থলে পৌঁছালে গাছ কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়। সেখানে চটকা কড়াই, শিশু, নিম, বাবলাসহ বিভিন্ন প্রজাতির ৪০টি গাছ কাটা অবস্থায় পড়ে ছিল। এ সময় ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন লোক তাঁকে (সিরাজুল) বলেন, উপজেলার গোপালপুর গ্রামের আবদুর রহিম ও তার ভাই মো. বখতিয়ার এবং লক্ষ্মীপুর গ্রামের মো. লুৎফর মোল্লা সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত ওই গাছগুলো কেটেছে। পরে তিনি ওই তিনজনের বিরুদ্ধে গতকাল থানায় লিখিত অভিযোগ দেন। এসব গাছ লক্ষ্মীপুর পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে।