দায়িত্বে অবহেলার অপরাধে ৬ জনকে শাস্তিমূলক বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মক্ষেত্রে গাফিলতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের পাঁচ সেবিকাসহ (নার্স) ছয়জনকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। সিরাজগঞ্জের সিভিল সার্জন মোহাম্মদ সামসুদ্দীন স্থানীয় সাংসদের নির্দেশে গতকাল সোমবার এ আদেশ দেন।

শাস্তিপ্রাপ্তরা হলেন সদর হাসপাতালের সেবিকা নুরজাহান খাতুন, জিন্নাতুল ফেরদৌস, মনোয়ারা খাতুন, মমতাজ বেগম, জেসমিন সুলতানা ও ব্রাদার সাইদুল ইসলাম।

মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ‘গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে সাংসদ হাবিবে মিল্লাতসহ আমি ওই হাসপাতাল পরিদর্শনে যাই। এ সময় দেখা যায়, জরুরি বিভাগের টেলিফোন দীর্ঘদিন বিকল রয়েছে। আইসিইউ কক্ষের জন্য বরাদ্দ করা স্বাস্থ্য মহাপরিচালক অধিদপ্তর থেকে পাঠানো যন্ত্রপাতিরও প্যাকেট ছয় মাসে খোলা হয়নি। সিসিইউ কক্ষের মধ্যে রোগীর স্বজনেরা ভাত খাচ্ছিলেন। আইসিইউ কক্ষের চাবি হাসপাতালে না রেখে দায়িত্বপ্রাপ্ত এক সেবিকা বাড়িতে নিয়ে গেছেন। এসব বিষয় দেখতে পেয়ে সাংসদ ক্ষুব্ধ হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।’

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের বদলির নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের সাময়িকভাবে বরখাস্ত করার জন্য অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে।