দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২কে ঘিরে স্থানীয় কিছু প্রতারকের সমন্বয়ে গড়ে উঠেছে দালাল চক্র। চক্রটি নতুন বিদ্যুৎ-সংযোগ, ট্রান্সফরমার স্থাপনসহ বিভিন্ন কাজে গ্রাহকদের পরিকল্পিতভাবে হয়রানির মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
দালালির সঙ্গে কতিপয় এলাকার পরিচালক, কর্মকর্তা-কর্মচারীর জড়িত থাকার কথা নিশ্চিত করে তাঁদের ধরিয়ে দিতে এবং এলাকাবাসীকে দালালদের বিষয়ে সতর্ক থাকতে এলাকায় নিয়মিত মাইকিং ও লিফলেট বিতরণ করছেন সমিতির মহাব্যবস্থাপক (জিএম) আবদুর রাজ্জাক।
সমিতির কার্যালয় সূত্রে জানা যায়, ঘোড়াঘাট উপজেলার পালশা গ্রামের ফুলমিয়া, লোহার বন্দ গ্রামের আবদুর রউফ, হাকিমপুর উপজেলার বিশাপাড়া গ্রামের মাহাবুবুর রহমান ওরফে লেবু মিয়া ও বিরামপুরের চণ্ডীপুর গ্রামের নজরুল ইসলাম দালালদের মূল হোতা হিসেবে অভিযুক্ত।
সংযোগ দেওয়ার নামে প্রতরণা করায় গত ১৬ সেপ্টেম্বর এলাকাবাসী আবদুর রউফকে আটক করেন। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় রউফ স্ট্যাম্পে লিখিতভাবে টাকা ফেরতের প্রতিশ্রুতি দিলে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এর আগে গত ২৪ জুন বিরামপুরের জোয়ালকামড়া গ্রামে ট্রান্সফরমার আপগ্রেড ও বিদ্যুৎ-সংযোগ দেওয়ার নামে প্রতারণা করে গ্রাহদের কাছ থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ায় মাহাবুবুর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী।
পল্লী বিদ্যুৎ সমিতি-২ কার্যালয় সূত্রে জানা যায়, দিনাজপুরের বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুর, পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা নিয়ে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ গঠিত। এই ছয়টি উপজেলাকে ১২টি এলাকায় ভাগ করা হয়েছে। ১২টি এলাকায় রয়েছেন ১২ জন পরিচালক। ঘোড়াঘাটের রানীগঞ্জে এবং পার্বতীপুরে রয়েছে দুটি আঞ্চলিক কার্যালয়।
সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য-সেবা) রফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, একটি নতুন বিদ্যুৎ-সংযোগের ফি ৬২০ টাকা। উত্তরাধিকার সূত্রে পরিবর্তনে ১৫০ টাকা, বিক্রয়জনিত কারণে পরিবর্তনে ১০০ টাকা। পাঁচ কেভি ট্রান্সফরমার স্থাপনের জন্য ৩৮ হাজার, ১০ কেভির ক্ষেত্রে ৫৩ হাজার এবং ১৫ কেভির ক্ষেত্রে ৭৯ হাজার টাকা লাগে। এ ছাড়া ট্রান্সফরমার আপগ্রেডের ক্ষেত্রে ট্রান্সফরমারটি যত কেভি রয়েছে, তা থেকে যত কেভি পর্যন্ত উন্নীত করা হবে, সেটির দামসহ আনুষঙ্গিক খরচ যোগ হবে। সব খরচই সিটিজেন চার্টারের মাধ্যমে সমিতির সব কার্যালয়ে উন্মুক্ত করা থাকে।
এই ছয় উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, একেকটি নতুন সংযোগের জন্য দালাল চক্রকে ১০ থেকে ২০ হাজার টাকা, ট্রান্সফরমার স্থাপন ও আপগ্রেডের ক্ষেত্রে দেড় থেকে চার লাখ টাকা পর্যন্ত দিতে হয় গ্রাহকদের। মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে ১০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত দিতে হয়েছে বলে জানান তাঁরা।
এ ছাড়া প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ সোসাইটির (জাইকা) দেওয়া বিনা মূল্যের ট্রান্সফরমার দিয়ে দালাল চক্র গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির চক্রটি নবাবগঞ্জের যেসব জায়গায় বিদ্যুৎ নেই, সেখানে বিদ্যুৎ দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পরিচালক বোর্ডের সভাপতি মাসুদ রানা প্রথম আলোর কাছে কতিপয় পরিচালক দুর্নীতির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।
যোগাযোগ করা হলে আবদুর রাজ্জাক প্রথম আলোকে জানান, নির্ধারিত ফির চেয়ে দালাল চক্র মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার সত্যতা পাওয়ায় বিরামপুরের দেশমা গ্রামের বিদ্যুৎ-সংযোগ স্থগিত রাখা হয়েছে।