খুলনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়টি দালালদের হাতে জিম্মি হয়ে পড়েছে। দূরদূরান্ত থেকে আসা ড্রাইভিং লাইসেন্সপ্রত্যাশী লোকজন চরম ভোগান্তিতে পড়ছেন। দালালদের সঙ্গে কার্যালয়ের অসাধু কর্মকর্তা-কর্মচারীরা জড়িত রয়েছেন বলে অভিযোগ করেছেন অনেকে।
ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নগরের শিরোমণি এলাকার ওই কার্যালয়ের বাইরে ও ভেতরে সব সময় দালালেরা ঘুরে বেড়ান। কেউ কার্যালয়ে ঢুকলেই তাঁরা এসে ঘিরে ফেলেন। ‘এক মাসের মধ্যেই লাইসেন্স পাওয়া যাবে’ বলে সাত-আট হাজার টাকা নেন তাঁরা। সঠিক নিয়মে দুই হাজার ৮০০ টাকা খরচ হওয়ার কথা। পরে তিন-চার মাস ঘুরে লাইসেন্স পেলেও সেটি দেখা যায়, জাল। এ কার্যালয়ে বাগেরহাট ও খুলনা জেলার লোকজন যানবাহনের কাগজপত্রের কাজে আসেন।
সরেজমিনে গত বুধবার বিআরটিএর কার্যালয়ে গেলে মোটরসাইকেল থেকে নামার আগে তিনজন লোক (দালাল) এসে ঘিরে ধরেন। ‘কী কাজে এসেছেন, কার কাছে যাবেন, আসেন আমরা করে দিচ্ছি।’ লাইসেন্স করতে এসেছি শুনে তুহিন নামের এক দালাল পাশে চায়ের দোকানে নিয়ে গেলেন। সেখানে তিনি জানান, অফিসারদের মাধ্যমে করতে গেলে পাঁচ-ছয় মাস সময় লাগবে। তা ছাড়া ৮-১০ বার আসতে হবে। আর তিনি করে দিলে মাত্র একবার ছবি তুলতে এলেই চলবে। আর লাইসেন্স পেতে সময় লাগবে মাত্র দেড় মাস।
বিভাগীয় দপ্তর হওয়া সত্ত্বেও এখানে সরকারি ফাইল, কাগজপত্র ঘাঁটাঘাঁটি করছেন দালালেরা। খুলনা সার্কেলের কার্যালয়টিতে একজন সহকারী পরিচালকের অধীনে কর্মকর্তা-কর্মচারী দিয়েই মূলত গাড়ির রেজিস্ট্রেশন, ফিটনেস, রুট পারমিট, ট্যাক্স টোকেন, ড্রাইভিং লাইসেন্সসহ আনুষঙ্গিক কাজ চলছে। বটিয়াঘাটা উপজেলার সাঁচিবুনিয়া থেকে গাড়ির ব্লু বুক নিতে আসা কাউসার আলী বলেন, ‘খুলনা বিআরটিএর অফিসের কর্মকর্তা-কর্মচারীরা প্রায়ই নিজ নিজ চেয়ারে বসেন না। দালালদের মাধ্যমে তাঁদের সন্ধান পাওয়া যায়। বিকেল চারটায় গাড়ির ব্লু বুক দেওয়ার কথা। নির্ধারিত সময়ের আগে হাজির হলেও কর্মকর্তারা বলেন, “আজ আর টোকেন জমা নিব না, আগামী দিন আসেন।” অথচ দালালকে মাত্র ২০০-২৫০ টাকা দিলে ওই দিনই টোকেন জমা নেয়।’
বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে আসা শুভাশীষ হালদার বলেন, ‘নির্ধারিত দিনে ছবি তুলতে এবং স্বাক্ষর করতে গেলে ক্যামেরাম্যান বলেন, “আপনার ব্যক্তিগত ফাইল এখনো আসে নাই।” তাঁর আগের টেবিলে খোঁজ নিলে কর্মকর্তারা বলেন, “আমরা কাজের ঝামেলায় আছি, আপনি অন্য দিন আসেন।” এখানে দালালকে ১৫০ থেকে ২০০ টাকা দিলে ফাইল খুঁজে বের করে দেন। এবার ফাইল ক্যামেরাম্যানের কাছে পৌঁছাতে পিয়ন বকশিশ চান ৫০ টাকা। শেষমেশ ছবিও তুলতে হলো দালালকে টাকা দিয়েই।’
নগরের টুটপাড়ার বাসিন্দা রতন মণ্ডল জানান, তিনি লাইসেন্সসহ গাড়ির কাগজপত্র হারিয়ে ফেলায় দ্রুত কাগজপত্র তুলতে আসেন বিআরটিএর কার্যালয়ে। কিন্তু কার্যালয়ের সামনে এলেই তিন-চারজন তাঁকে ঘিরে ধরেন। দ্রুততম সময়ের মধ্যে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার কথা বলে তাঁকে নিয়ে যাওয়া হয় কাছের একটি ফটোকপির দোকানে। সেখানে আর্থিক লেনদেনের পর কয়েক দিনের মধ্যেই তাঁকে একটি ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়। তবে পরবর্তী সময়ে পরীক্ষায় তা জাল হিসেবে ধরা পড়ে।
খুলনা বিআরটিএর সহকারী পরিচালক এস এম কামরুল হাসান বলেন, ‘আমি দালাল প্রতিরোধে প্রশাসনের বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছি। মাঝেমধ্যে অভিযানও চলছে। আমরা দালালের অত্যাচারে অতিষ্ঠ। আমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারীকে নির্দেশ দিয়েছি, যেন কোনো দালাল বা গ্যাটিসের মাধ্যমে তাঁরা কোনো কাজ না করেন।’