রংপুরের তারাগঞ্জ উপজেলায় কোরবানির পশুর হাট জমে উঠেছে। সেই সঙ্গে এসব হাটে দালালদের উৎপাতও বেড়েছে। এতে ক্রেতা-বিক্রেতারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। দালালেরা ক্রেতা-বিক্রেতা উভয়ের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন ইচ্ছেমতো টাকা।
গত সোমবার তারাগঞ্জ হাট ঘুরে দেখা গেছে, দালালদের বেশির ভাগেরই গলায় গামছা ঝোলানো। ওই দিন বিকেলে হাটের প্রবেশদ্বারে কয়েকজন দালাল খিয়ারজুম্মা গ্রামের মিজানুর রহমানকে ঘিরে ধরেন। এরপর বেশি দামে তাঁর পশু বিক্রি করে দেওয়ার জন্য বোঝাতে থাকেন। তবে এ জন্য কমিশন দাবি করেন ৮০০ টাকা। পরে ৫৫০ টাকায় গরু বিক্রি করে দেওয়ার জন্য এক দালালের সঙ্গে সমঝোতা হয়।
মিজানুর রহমান বলেন, দালাল ছাড়া হাটে পশু বিক্রি করা কষ্টসাধ্য ব্যাপার। সহজে ও বেশি দামে পশু বিক্রি করতে তাঁদের সঙ্গে চুক্তি করতে হয়।
হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে এমন এক পরিস্থিতি দাঁড়িয়েছে, গরু বা ছাগল ক্রয়-বিক্রয় করতে গেলে দালালদের শরণাপন্ন হতেই হবে। কোনো ক্রেতা বা বিক্রেতা তাঁদের শরণাপন্ন না হলে তুলনামূলক কম দামে বেচতে ও বেশি দামে কিনতে হয়। পশু হাটে নিয়ে আসার আগেই মালিকদের সঙ্গে তাঁদের দাম রফাদফা হয়। এরপর ওই দামের চেয়ে যত টাকা বেশি বিক্রি হবে, সে টাকা ওই দালাল নিয়ে নেন। এ ছাড়া হাটে পশু নিয়ে আসার পরও দামদর ঠিক করা হয়। আবার তাৎক্ষণিক ক্রেতার উপস্থিতিতেও সাংকেতিক ভাষার মাধ্যমে তাঁরা কমিশন ঠিক করে নেন।
হাটে গরু কিনতে আসা অনন্তপুর গ্রামের মতিয়ার রহমান (৫৫) বলেন, ‘দালালির জন্য যে টাকা দেওয়া হয়, নিজে পশু কিনলে তাঁর চেয়ে বেশি টাকা লাগে। তাই এক দালালকে ৪০০ টাকা দিয়ে একটি গরু কিনেছি।’
মাদারগঞ্জ গ্রামের দালাল লোকমান মিয়া বলেন, পশু কেনাবেচায় সহযোগিতা করে তাঁরা প্রতিদিন ৫০০ থেকে ৩ হাজার টাকা আয় করেন।
এই দালালি ব্যবসার কৌশল বৈচিত্র্যপূর্ণ। শুদ্ধ ভাষা না বলে তাঁরা নিজেদের সৃষ্টি করা ভাষা দিয়ে কথা বলেন। পশুর হাটে গেলে এ ভাষা শোনা যায়। তাঁদের ভাষা গরু ব্যবসায়ী ও দালাল ছাড়া অন্য কোনো মানুষ বুঝতে পারেন না। যেমন চামটি ৪ হাজার, বন্নি ৫ হাজার, টিপি ৬ হাজার, ঝালি ৭ হাজার, কাটা ৮ হাজার, কুটাল ৯ হাজার, বন্নি ১০ হাজার, কালাই ১১ হাজার, বছর ১২ হাজার, ট্যাংগা ১৩ হাজার, মিটি ১৪ হাজার টাকা ইত্যাদি।
আলমপুর গ্রামের দালাল রহিম উদ্দিন (৫৬) বলেন, ‘আমরা তো চুরি-ডাকাতি করি না। পরিশ্রম করে মানুষকে গরু বা ছাগল কিনে দিয়ে কৌশলে কিছু টাকা রোজগার করি। এতে দোষ কী?’
হাটের ইজারাদার নুরুল ইসলাম বলেন, ‘অন্য হাটের মতো তারাগঞ্জ হাটেও দালাল আছে, কিন্তু ক্রেতা-বিক্রেতা অভিযোগ না করলে আমরা করব কী?’
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ মিয়া বলেন, অভিযোগ পেলে দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।