দালালদের দৌরাত্ম্য, অসহায় সবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে সংঘবদ্ধ দালাল চক্রের খপ্পরে পড়ে পাসপোর্ট করাতে আসা সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। দালালদের দৌরাত্ম্যে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা পর্যন্ত অসহায় হয়ে পড়েছেন।
পাসপোর্ট করাতে আসা অন্তত সাত ব্যক্তি ও কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, এখানে জেলার বিভিন্ন গ্রাম থেকে সাধারণ লোকজন পাসপোর্ট করাতে আসেন। তাঁদের বেশির ভাগই পাসপোর্ট তৈরির কার্যক্রম সম্পর্কে অবগত নন। পাসপোর্ট করাতে কী কী কাগজ লাগে বা কী করতে হয়, তা জানেন না। এ সুযোগটিই কাজে লাগিয়ে সংঘবদ্ধ দালাল চক্রটি এসব সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। তারা কার্যালয়ের ভেতর ও বাইরে সমানভাবে হয়রানি করছে সাধারণ মানুষকে। কার্যালয়ের বাইরে থাকতেই বেশির ভাগ সময় সুযোগ বুঝে পাসপোর্ট করাতে আসা সাধারণ মানুষের কাছ থেকে কাগজপত্র হাতিয়ে নেয় দালালেরা। ফলে পাসপোর্ট কার্যালয়ে ঢোকার আগেই তাঁরা জিম্মি হয়ে যান দালালদের কাছে। পরে অতিরিক্ত টাকা দিয়ে দালালদের কাছ থেকে কাগজপত্র ফেরত নিতে হয় তাঁদের।
সরেজমিনে গত মঙ্গলবার সকালে দেখা যায়, জেলা শহর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বিসিক শিল্পনগরী সড়কে কার্যালয়টির অবস্থান। প্রধান সড়ক থেকে একটি ছোট রাস্তা পার হয়ে যেতে হয় কার্যালয়ে। রাস্তাটির মুখে দুই পাশে দুটি চায়ের দোকান। মূলত এই দুই দোকান ও রাস্তাটির মুখেই অবস্থান করেন দালালেরা। নতুন কোনো মানুষ কার্যালয়ের দিকে এগোলেই পথ আগলে দাঁড়ান তাঁরা। এরপর কথাবার্তার একপর্যায়ে সঙ্গে করে চায়ের দোকানে নিয়ে যান। সেখানেই হয় বাড়তি টাকা দিয়ে পাসপোর্ট তৈরির চুক্তি।
স্থানীয় লোকজন বলেন, পাসপোর্ট কার্যালয়ের দালাল চক্রটি স্থানীয়ভাবে খুবই প্রভাবশালী। সরকারদলীয় নেতা-কর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে চলেন তাঁরা।
বেড়ার মাশুমদিয়া গ্রাম থেকে পাসপোর্ট করাতে আসা আকবর হোসেন বলেন, তিনি হজে যাওয়ার জন্য পাসপোর্ট করাতে এসেছিলেন। কার্যালয়ে ঢোকার আগেই কয়েকজন যুবক তাঁর কাগজপত্র কেড়ে নেন। তিনি বিষয়টি পাসপোর্ট কার্যালয়ে দায়িত্বরত পুলিশকে জানান। তাতে কোনো কাজ হয়নি। বাধ্য হয়ে সাড়ে সাত হাজার টাকায় দালাল চক্রের সঙ্গে পাসপোর্ট করে দেওয়ার চুক্তি করেন।
বছর দুয়েক ধরে দালালির সঙ্গে জড়িত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ২১ দিন মেয়াদের পাসপোর্ট করাতে তাঁরা ছয় থেকে আট হাজার টাকা নেন। সরকারি রেট ৩ হাজার ৪৫০ টাকা। বাকিটা তাঁদের লাভ থাকে।
পাবনা আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের উপসহকারী পরিচালক এ কে এম মোতাহার হোসেন বলেন, ‘অনেক চেষ্টা করে আমরা কার্যালয়ের ভেতরটা দালালমুক্ত রেখেছি। তবে অনেকেই বাইরে হয়রানি হচ্ছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।’ পাবনার পুলিশ সুপার আলমগীর কবীর বলেন, ‘আমরা দালালদের শনাক্ত করার চেষ্টা করছি। আশা করছি, খুব শিগগির কার্যালয়টি দালালমুক্ত হবে।’