দালালদের মাধ্যমে আসছে রোহিঙ্গারা
মিয়ানমারের রাখাইন রাজ্য (সাবেক আরাকান রাজ্য) থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকতে সহযোগিতা করছে দুই দেশের দালালেরা। শুরুতে বিনা টাকায় সহযোগিতা করলেও এখন দালালেরা রোহিঙ্গাদের কাছ থেকে টাকা নিচ্ছে। দুই পারে আছে দুই শতাধিক দালাল।
কক্সবাজারের অনিবন্ধিত দুটি রোহিঙ্গা শিবিরে সদ্য পালিয়ে আসা রোহিঙ্গারা এবং সীমান্তের বিভিন্ন সূত্র এ তথ্য দিয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং পুলিশ সূত্র বলেছে, দালালদের মাধ্যমে রোহিঙ্গারা আসছে। সহযোগিতার অভিযোগে কয়েকজন দালালকে আটকও করা হয়েছে। এদিকে কড়াকড়ি থাকলেও রোহিঙ্গাদের আসা অব্যাহত রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, রাখাইন থেকে প্রথমে হেঁটে নাফ নদীর ওপারের তীরে আসে রোহিঙ্গারা। ওই নদীতীরে নৌকা নিয়ে বসে থাকে দালালেরা। এপারে বাংলাদেশের কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্তেও থাকে দালালেরা। রাতে দুই পারের দালালেরা টাকা নিয়ে রোহিঙ্গাদের ঢুকিয়ে দিচ্ছে বাংলাদেশে।
পালিয়ে আসা রোহিঙ্গারা বলেছে, গত ৯ অক্টোবর রাখাইন সীমান্তে তিনটি পুলিশ ফাঁড়িতে হামলায় ৯ পুলিশসহ ১৪ জন নিহত হওয়ার পর সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। এই অভিযানে চলছে ধরপাকড়, হত্যা, নির্যাতন, লুটপাট ও অগ্নিসংযোগ। এ পরিস্থিতিতে রোহিঙ্গারা নৌকায় করে টেকনাফ ও উখিয়ায় পালিয়ে আসছে। শুরুতে টাকা ছাড়াই আসা গেছে। কিন্তু এখন মিয়ানমারের দালালদের মাথাপিছু দিতে হয় মিয়ানমারের মুদ্রায় ৭০ হাজার কিয়ত (বাংলাদেশি মুদ্রায় চার হাজার টাকা)। আর টেকনাফ ও উখিয়ার দালালদের দিতে হয় দুই থেকে তিন হাজার টাকা। কাঙ্ক্ষিত টাকা না পেলে রোহিঙ্গাদের নদীতীরের কিছু ঘরে আটকে রাখা হয়।
নাফ নদী দিয়ে গতকাল বৃহস্পতিবার ভোরে টেকনাফের লেদা রোহিঙ্গা শিবিরে আসেন রাখাইনের রইম্যাবিল গ্রামের সনজিদা বেগম, রমিদা খাতুন, আয়ুব আলী, হাসান আহমদসহ বেশ কয়েকজন। আয়ুব আলী ও সনজিদা বেগম বলেন, গত মঙ্গলবার বিকেলে রইম্যাবিল গ্রামের ৮০-৯০ জন রোহিঙ্গাকে নৌকায় ওঠানোর কথা বলে নাফ নদীর তীরে আনে তিন দালাল মুজিব, কেফায়েত ও শফি। সন্ধ্যার দিকে সেনা ও পুলিশ সদস্যরা এসে রোহিঙ্গাদের ওপর গুলিবর্ষণ করলে তাঁদের প্রতিবেশী নুরুল ইসলাম, কালু মিয়া, ওসমান গনি নিহত হন। এরপর মাথাপিছু ৭০ হাজার কিয়ত নিয়ে দালালেরা তাঁদের টেকনাফ সীমান্তে পৌঁছে দেয়। পরে টেকনাফের দালালেরা জনপ্রতি আড়াই হাজার টাকা নিয়ে তাঁদের এই শিবিরে পাঠায়।
কয়েকজন রোহিঙ্গা বলেন, দালালদের টাকা দিতে না পারলে বিজিবি ও পুলিশে তুলে দেওয়ার ভয় দেখানো হয়। কেউ কেউ নারীদের সোনার চেইন, কানের দুল ও হাতের চুড়ি-আংটি কেড়ে নেয়।
লেদা রোহিঙ্গা শিবির ব্যবস্থাপনা কমিটির সভাপতি দুদু মিয়া বলেন, গত কয়েক দিনে এই শিবিরে তিন হাজারের মতো রোহিঙ্গা এসেছে। উখিয়ার কুতুপালং শিবিরে ঢুকেছে প্রায় আট হাজার। শিবিরের বাইরে অবস্থান করছে আরও কয়েক হাজার রোহিঙ্গা। ৭০ শতাংশ রোহিঙ্গাই ঢুকেছে দালালের সহযোগিতায়। নাফ নদীর দুই পারে রোহিঙ্গাদের পারাপারের জন্য আছে দুই শতাধিক দালাল।
সীমান্তের একাধিক সূত্র বলেছে, টেকনাফ ও উখিয়ায় ৫৪ জন দালাল আছে। বাকিরা মিয়ানমারের। দুই পারের দালালেরা মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করে বিজিবি ও কোস্টগার্ডের টহল নেই, এমন স্থান দিয়ে রোহিঙ্গাদের ঢোকাচ্ছে। প্রতিটি ডিঙিতে (ইঞ্জিনবিহীন নৌকা) তোলা হয় ৫ থেকে ২০ জন রোহিঙ্গাকে।
কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, নাফ নদীর ৬৩ কিলোমিটার জলসীমান্তে বিজিবির টহল জোরদার থাকলেও কিছু দুর্গম স্থান দিয়ে দালালের মাধ্যমে রোহিঙ্গারা ঢুকছে। বুধবার ভোরে রোহিঙ্গাদের সহযোগিতার অভিযোগে চার দালাল টেকনাফের মো. আমিন, মো. ইব্রাহিম, মো. সেলিম ও ওসমানকে আটক করে বিজিবি উখিয়া থানায় সোপর্দ করে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, বুধবারই চার দালালকে ভ্রাম্যমাণ আদালত দুই মাস করে সাজা দিয়ে কারাগারে পাঠান।
টেকনাফ থানার ওসি মো. আবদুল মজিদ বলেন, গত কয়েক দিনে তাঁরা ১৮ জন দালালকে আটক করে কারাগারে পাঠিয়েছেন। অন্য দালালদের ধরতে অভিযান চলছে। দালালদের দৌরাত্ম্য বন্ধ করা গেলে রোহিঙ্গা প্রবেশ ও ইয়াবা বড়ি পাচারও বন্ধ হবে।
৯ নৌকাসহ ২০০ রোহিঙ্গাকে ফেরত: গতকাল ভোরে নাফ নদী দিয়ে টেকনাফে ঢোকার সময় ৯টি নৌকাসহ প্রায় ২০০ জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি। উখিয়া সীমান্তে আরও ১৯ জন রোহিঙ্গাকে আটক করে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।
বিজিবির সূত্র বলেছে, গত কয়েক দিনে নাফ নদীসংলগ্ন উনছিপ্রাং, ওয়াব্রাং, ঝিমংখালী, লেদা, জাদিমুরা, মোছনী ও দমদমিয়া দিয়ে ঢোকার চেষ্টাকালে ৮১টি নৌকায় থাকা প্রায় দেড় হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।
লেদা রোহিঙ্গা শিবির ব্যবস্থাপনা কমিটির সভাপতি দুদু মিয়া বলেন, গতকাল ভোর পর্যন্ত এই শিবিরে ঢুকেছে ২ হাজার ৭৮৬ জন রোহিঙ্গা। আরও অন্তত পাঁচ হাজার রোহিঙ্গা শিবিরে ঢুকতে না পেরে অন্যত্র পালিয়ে গেছে।
মিয়ানমারের গণহত্যা বন্ধে হেফাজতের পাঁচ দফা: রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের হত্যা, ধর্ষণ, লুটপাট বন্ধে পাঁচ দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গতকাল বেলা ১১টায় কক্সবাজার শহরে একটি হোটেলের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মাওলানা আবুল হাসান। লিখিত বক্তব্যে পাঁচ দফা তুলে ধরেন সাধারণ সম্পাদক মাওলানা ইয়াছিন হাবিব।
দাবিগুলোর মধ্যে রয়েছে আন্তর্জাতিক সংস্থা ও বিশ্বনেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে কূটনৈতিক চাপ প্রয়োগ করে রোহিঙ্গা মুসলিম নিধন বন্ধে কার্যকর ভূমিকা পালন, গণহত্যার বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জ্ঞাপন ও নির্যাতিত মুসলিমদের জরুরি ভিত্তিতে আশ্রয়দান।