দালালমুক্ত হবে কবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঙ্গলবার বেলা সাড়ে ১১টা। নারায়ণগঞ্জের নবীগঞ্জ থেকে আক্কাস মিয়া পেটের সমস্যার কারণে স্ত্রীকে নিয়ে আসেন খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে। জরুরি বিভাগের সামনে ঘুরঘুর করছিল কয়েকজন দালাল। আক্কাস মিয়াকে এক দালাল জানালেন, হাসপাতালের কাছেই ভালো চিকিৎসক বসেন। বিনা মূল্যে দ্রুত চিকিৎসা দেন। তারপর আক্কাস সেই ক্লিনিকে যান।
পরবর্তী সময়ে চিকিৎসক রোগীকে বিনা মূল্যেই সেবা দেন। তবে রোগীকে পরামর্শ দেন ওই ক্লিনিকে রক্ত, প্রস্রাবসহ মোট ছয়টি পরীক্ষা করার। মোট খরচ ২ হাজার ১০০ টাকা। এত টাকা সঙ্গে না থাকায় আক্কাস মিয়া পরে এসে পরীক্ষা করাবেন বলে চলে যান। আর সেবার বিনিময়ে দালাল তাঁর কাছ থেকে ‘চা খাওয়ার খরচ’ হিসেবে ৪০ টাকা নেন।
গত তিন দিনে সরেজমিনে দেখা যায়, পাঁচ-ছয় দালালের পাশাপাশি হাসপাতালের এক কর্মচারীও একইভাবে রোগীকে প্রভাবিত করে হাসপাতালের বাইরের ক্লিনিকে নেওয়ার চেষ্টা করছেন।
অথচ খানপুর হাসপাতালে আছে বিশেষজ্ঞ চিকিৎসক। আছে বিনা মূল্যে ওষুধ, স্বল্প মূল্যে পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও। হাসপাতালের দুজন কর্মকর্তা বলেন, রোগীদের অসচেতনতার কারণেই দালালেরা এখনো সক্রিয়। প্রতিদিন হাসপাতালের মাইকে দালালদের খপ্পরে না পড়ার জন্য মাইকিং করা হয়। হাসপাতালের বিভিন্ন স্থানে সচেতনতামূলক নোটিশ টানানো হয়েছে। তারপরও অনেক রোগী সচেতন হচ্ছে না।
হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে এই হাসপাতালে ১৭টি বিভাগ আছে। ১২ জন বিভাগীয় প্রধানসহ মোট ৫০ জন চিকিৎসক আছেন। নার্স আছেন ১২২ জন। আছে চারটি অ্যাম্বুলেন্স। সকাল আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত বহির্বিভাগে চিকিৎসকেরা সেবা দেন। চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে আঙুলের ছাপ দেওয়ার চারটি যন্ত্র বসানো হয়েছে। সিটি স্ক্যান, হরমোন পরীক্ষা, এমআরআইসহ প্রয়োজনীয় প্রায় সব পরীক্ষা-নিরীক্ষার সুবিধাও আছে।
রোগীদের সমস্যা বা কোনো অব্যবস্থাপনার বিষয়ে জানার জন্য আছে তিনটি অভিযোগ বাক্স। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সচেতনতা না থাকায় এসব অভিযোগ বাক্সে রোগীরা কখনো কোনো অভিযোগ দেন না।
হাসপাতালের অফিস সহকারী সোহেল রানা বলেন, প্রতিদিন সকাল আটটার পর থেকে দুপুর ১২টা পর্যন্ত দালালদের সম্পর্কে সচেতন করা হলেও অনেকে সতর্ক হন না। অনেক সময় বাইরে থেকে চিকিৎসা করে রোগীর অবস্থার অবনতি হওয়ার পর আবার এই হাসপাতালে আসা হয়।
হাসপাতালের দুজন কর্মকর্তা বলেন, বাইরে থেকে রোগীর সব পরীক্ষা-নিরীক্ষা করতে যদি রোগীর ৩০ হাজার টাকা খরচ হয়, তাহলে এখানে খরচ হবে মাত্র ৫০০-৬০০ টাকা। অনেক রোগী নারায়ণগঞ্জ থেকে ঢাকা যায়। অথচ এখানে চিকিৎসা করালে ঢাকার চেয়ে খরচ অনেক কম হবে।
দালালদের বিষয়ে জানতে চাইলে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক এ কে এম শফিউল আলম প্রথম আলোকে বলেন, ‘প্রশাসনিক কর্মকর্তাদের বিষয়টি দেখভাল করার নির্দেশ দিয়েছি। জেলার মাসিক সমন্বয় সভায় এই বিষয়টি তোলা হবে। এটা একটি ধারাবাহিক প্রক্রিয়া। আমাদের সব সময় চেষ্টা থাকে দালালদের দূর করার জন্য। তবে দালালেরা হাসপাতালের কর্মকর্তাদের দেখলে পালিয়ে যায়।’