দালালে ভরা পাসপোর্ট অফিস
আগারগাঁওয়ের পাসপোর্ট অফিসের গেটে ঢোকার আগেই দেখা গেল, ছোট এক শিশু একটি খুঁটিতে কাগজ রেখে পাসপোর্টের আবেদন ফরমে কিছু একটা লিখছে। পকেটে সিল, আঠা। প্রয়োজন অনুযায়ী প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার সিলও সে দিয়ে দিচ্ছে। শিশু থেকে বড়—নানা বয়সী দালালে ভরপুর আগারগাঁওয়ের বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের সামনের জায়গা।
গত রোববার দুপুরে সরকারি এ অফিসের সামনে দেখা মেলে ১২ বছরের শিশু শাকিলের। সে অন্য দালালদের সহযোগী। ফরম পূরণ নিয়ে জানতে চাইলে বলে, ‘বেশি লেখা বড় ভাইরা করে। আমি বয়স-টয়স বসাই। কাম শিখতাছি। তয় সিল আর গাম আমিই লাগাই।’ পড়াশোনার ব্যাপারে বলে, দ্বিতীয় শ্রেণির পরে আর স্কুলে যাওয়া হয়নি।
শাকিল কাজ করে আবদুল করিম নামের এক দালালের সঙ্গে। শাকিলের সঙ্গে কথা বলতে বলতেই আবদুল করিম এসে হাজির। ‘কী করতে হবে, সঙ্গে কী কী আছে’ জানতে চাইলেন। সব থাকলে তখনই তিনি ‘ফাইল জমা’ (ফরম পূরণ, কাগজপত্র সত্যায়িত করে সব ঠিক করে দেওয়া) করে দেবেন। পাঁচ বছর ধরে পাসপোর্ট অফিসে দালালের কাজ করা করিম বলেন, ছোটদের দিয়ে টুকটাক কাজ করিয়ে শেখাচ্ছেন। আসমা বেগম ও ফাতেমা আকতার শ্রমিক হিসেবে বিদেশে যাবেন। এসেছেন পাসপোর্ট করাতে। আগে থেকেই এক দালাল ঠিক করে দিয়েছেন তাঁদের এক বড় ভাই। আসমা বলেন, ‘টাকা সব ভাইরেই দিছি। কইছিল দালালরে কিছু দেওয়া লাগব না। কিন্তু দালালে দুই জনের থেকে ৫০০ টাকা নিছে।’
আগারগাঁওয়ের পাসপোর্ট অফিসের বাইরে কিছুক্ষণ দাঁড়ালেই চোখে পড়বে দালালদের তৎপরতা। লোক ধরার জন্য মূল গেটের কাছেই দাঁড়িয়ে থাকেন তাঁরা। ভবনের সামনেই চলেছে টাকাপয়সার লেনদেন। সবই হচ্ছে পুলিশের সামনে। শাহাবুল মিয়া নামের এক দালাল এসে জিজ্ঞেস করলেন, ‘ফাইল জমা’ করা লাগবে কি না। ‘কত টাকা দিতে হবে?’ ‘খুশি হয়ে যে যা দেয়।’ আর চাইলে তাঁরা ভেতরের কাজও দ্রুত করে দেবেন। শাহাবুল বলেন, ‘ফাইল জমা করার পর আমরা অফিসের স্টাফদের ফোন দিয়া বাইরে আনি। এইভাবে করতে হইলে ১৫০০ টাকা লাগব।’ বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাসুদ রেজওয়ান বলেন, গত সপ্তাহেও তাঁরা অভিযান চালিয়েছেন। ছাড়া পেয়ে দালালেরা আবার চলে আসে। অফিসের কেউ জড়িত থাকার বিষয়ে বলেন, তাঁরাও চাচ্ছেন অফিসের কে জড়িত তা যেন কেউ ধরিয়ে দেন।