চুয়াডাঙ্গা ১০০ শয্যা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনেরা দালালের দৌরাত্ম্যে দিশেহারা হয়ে পড়েছেন। মূল ফটক থেকে ভেতরের ওয়ার্ড পর্যন্ত পুরো হাসপাতালজুড়ে দালালদের অবাধ বিচরণ ও আধিপত্য বলে অভিযোগ রোগী ও স্বজনদের।
ভুক্তভোগী ব্যক্তিদের ভাষ্য, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও রোগনির্ণয়কেন্দ্রের নিয়োগ করা এসব দালালের হাতে জিম্মি হয়ে পড়েছে হাসপাতালটির স্বাস্থ্যসেবা। মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের অভিযানে দালালের আনাগোনা কিছুটা কমলেও অল্প দিনেই তা আগের অবস্থায় ফিরে আসে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম কে এম মামুন উজ্জামান গত বৃহস্পতিবার দুপুরে দালালদের বিরুদ্ধে হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ওই দিন নাছিমা খাতুন ও মৌ খাতুন নামের দুজনকে ধরে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। এর আগে সদর থানা-পুলিশ সাঈদ, সালমান, নাহিদ, সাব্বির ও আরিফ নামের পাঁচজনকে ধরে কারাগারে পাঠায়। কিন্তু কারামুক্ত হয়ে তাঁদের বেশির ভাগই আবার একই কাজে জড়িয়ে পড়েন।
গত বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, হাসপাতালের মূল ফটক, জরুরি বিভাগের ভেতরে-বাইরে, বহির্বিভাগে চিকিৎসকদের প্রায় প্রতিটি দরজার সামনে ও অন্তর্বিভাগের সবকটি ওয়ার্ডেই দালালদের অপতৎপরতা। দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযানে নামলে তাঁরা গা ঢাকা দেন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক চিকিৎসক বলেন, হাসপাতালকে দালালমুক্ত করতে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও রাজনৈতিক চাপে সম্ভব হচ্ছে না। কর্তৃপক্ষ দালাল ধরে পুলিশে সোপর্দ করলেও জনপ্রতিনিধিদের চাপে তাৎক্ষণিক তাঁদের ছেড়ে দেওয়া হচ্ছে। এরপর তাঁদের স্বেচ্ছাসেবকের পরিচয়পত্র দিয়ে প্রকাশ্যে দালালির সুযোগ করে দিতে হচ্ছে। হাসপাতালে এ রকম ২০ জন কার্ডধারী স্বেচ্ছাসেবক রয়েছেন। পাশাপাশি দালালদের কেউ কেউ আঞ্চলিক পত্রিকার সংবাদদাতার পরিচয়পত্র দেখিয়ে সার্বক্ষণিক হাসপাতালে অবস্থান করেন। প্রতিবাদ করলে দালালেরাই উল্টো সংবাদপত্রে মিথ্যা খবর প্রকাশের হুমকি দেন।
জেলা শহরের পুরাতন পাড়ার মিনারুল ইসলাম বলেন, তাঁর এক নিকট আত্মীয় হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় জরুরি পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হয়। হাসপাতালে প্রতিটি পরীক্ষার ব্যবস্থা থাকলেও দালালেরা তাঁকে বাইরের রোগনির্ণয়কেন্দ্র থেকে পরীক্ষার জন্য প্রভাবিত করেন। একই অভিযোগ অনেকের।
রোগী ও স্বজনেরা বলেন, দালালেরা প্রথমে নিজেদের হাসপাতালের কর্মী হিসেবে পরিচয় দেন। তাঁরা হাসপাতালের অব্যবস্থাপনার কথা বলে রোগী ও স্বজনদের উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভাগিয়ে নেওয়ার চেষ্টা করেন। রোগীদের হাসপাতালের যন্ত্রপাতি অচল ও নিম্নমানের বলে বেসরকারি রোগনির্ণয়কেন্দ্রে নিয়ে যান। হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসক, নার্স ও কর্মচারীর সঙ্গেও দালালদের সখ্য রয়েছে।
হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ আবু বকর সিদ্দিক বলেন, হাসপাতালে চিকিৎসাধীন রোগীকেও দালালেরা কৌশলে ভাগিয়ে সাইনবোর্ডসর্বস্ব ক্লিনিকে নিয়ে উন্নত চিকিৎসার নামে প্রতারণা করছেন। একাধিক অর্থোপেডিক রোগীকে এভাবে ক্লিনিকে নিয়ে অপারেশনের পর পচন ধরায় পা বিচ্ছিন্ন করতে হয়েছে।
আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাসুদ রানা বলেন, ‘সিভিল সার্জন মু. ছিদ্দিকুর রহমানের পরামর্শে হাসপাতালকে দালালমুক্ত করতে উদ্যোগ নিয়েছি। কিন্তু সহকর্মীদের কাছ থেকে সেভাবে সহযোগিতা পাওয়া যাচ্ছে না। দালালমুক্ত করতে গিয়ে আমাকে প্রাণনাশের হুমকির মুখেও পড়তে হচ্ছে। প্রশাসনের পাশাপাশি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনীয় উদ্যোগ নিলে দালালদের অপতৎপরতা বন্ধ হবে।’