দাহ্য পদার্থে গৃহবধূর চোখ ক্ষতিগ্রস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় দাহ্য পদার্থে আঙুর বেগম (৪২) নামের এক গৃহবধূর একটি চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর পরিবারের অভিযোগ, ওই দাহ্য পদার্থ অ্যাসিড। দুর্বৃত্তরা তা ছুড়ে মেরেছে। 

আঙুর বেগমকে প্রথমে ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক পার্থ সরকার প্রথম আলোকে বলেন, ওই গৃহবধূর ডান চোখে দাহ্য পদার্থ লাগায় চোখের কর্নিয়া সাদা হয়েছে। তবে সেই দাহ্য পদার্থ অ্যাসিড ছিল কি না, তা তিনি নিশ্চিত নন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গৃহবধূ আঙুর বেগম ঘোড়াঘাটের ভেলাইন গ্রামের মো. নুরুন্নবীর স্ত্রী। নুরুন্নবী আজ বেলা তিনটার দিকে প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাতে তিনি ও তাঁর স্ত্রী ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা তাঁদের লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে। অ্যাসিড আঙুর বেগমের ডান চোখ এবং মুখে পড়ে।
নুরুন্নবী বলেন, রাতেই আঙুর বেগমকে নিয়ে ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আজ সকালে তাঁকে দিনাজপুর মেডিকেলে ভর্তি করা হয়। তিনি অভিযোগ করেন, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে।