দায়িত্ব থেকে সরানো হলো সেই এএসআইকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক ব্যবসায়ীকে বাসা থেকে ডেকে নিয়ে নির্যাতন ও টাকা আদায় করার অভিযোগের ঘটনায় এক পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগর পুলিশের কমিশনার মো. আবদুল জলিল মণ্ডলের নির্দেশে ইপিজেড থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এমদাদুল হককে দায়িত্ব থেকে সরিয়ে বন্দর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
ব্যবসায়ীকে নির্যাতন করা নিয়ে গতকাল প্রথম আলোয় ‘পুলিশের বিরুদ্ধে ব্যবসায়ীকে নির্যাতনের অভিযোগ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়।
জানতে চাইলে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকশিমনার (বন্দর) জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, মো. সোলায়মান নামের এক ব্যবসায়ীকে নির্যাতনের সংবাদ প্রকাশিত হওয়ার পর পুলিশ কমিশনারের নির্দেশে তদন্ত শুরু করা হয়। তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় ইপিজেড থানার এএসআই এমদাদুল হককে পুলিশ কমিশনারের নির্দেশে দায়িত্ব থেকে সরিয়ে বন্দর পুলিশ লাইনে পাঠানো হয়েছে। তদন্ত শেষ হওয়ার পর তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
গত মঙ্গলবার সন্ধ্যায় সাদাপোশাকধারী চার ব্যক্তি বন্দর থানাধীন কলসিদিঘীর পাড় এলাকার বাসিন্দা ব্যবসায়ী মো. সোলায়মানের বাসায় যান। তাঁরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাঁকে মোটরসাইকেলে করে ইপিজেডের পশ্চিমে বেড়িবাঁধ এলাকায় নিয়ে যান। সেখানে তাঁকে মারধর করা হয়।
ব্যবসায়ীর অভিযোগ, বেড়িবাঁধে নিয়ে এএসআই এমদাদ তাঁর কাছে তিন লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে ক্রসফায়ারের হুমকি দেন। পরে তাঁকে ইপিজেড থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর কাছে এক লাখ টাকা দাবি করা হয়। এরপর ১৫ হাজার টাকা দিয়ে থানা থেকে ছাড়া পান তিনি। ওই টাকা তাঁর এক আত্মীয় থানায় নিয়ে যান। এ ঘটনায় তিনি পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন।