
অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আবদুল হামিদকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নিজ ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির গতকাল বৃহস্পতিবার তাঁকে অপসারণ করেন। একই দিন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মিজানুর রহমান খানকে ব্যাংকের অতিরিক্ত দায়িত্বের এমডি নিয়োগ করে। নিয়োগ পাওয়ার পরপরই ডিএমডিসহ ব্যাংকের তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রেপ্তার অন্য দুই কর্মকর্তা হচ্ছেন উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আখতারুল আলম ও সহকারী মহাব্যবস্থাপক মো. শফিউল্লাহ। দুদক সূত্র জানায়, সেগুনবাগিচা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ব্যাংক কোম্পানি আইনের ৪৬ ধারা অনুযায়ী আবদুল হামিদকে অপসারণ করা হয়। গতকাল সকালে তাঁকে অপসারণের চিঠি পাঠায় বাংলাদেশ ব্যাংক। চিঠিতে তারিখ উল্লেখ ছিল ২৯ জুন। পাশাপাশি আইনের ৪৬ (৩) ধারা অনুযায়ী তাঁকে পরবর্তী দুই বছর ব্যাংক কোম্পানির ব্যবস্থাপনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণের নিষেধাজ্ঞা দেওয়া হয়।
এদিকে, মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে মুন গ্রুপকে ১০৮ কোটি টাকা ঋণ দেওয়ার কারণে অগ্রণী ব্যাংকের এমডি সৈয়দ আবদুল হামিদ, ডিএমডি মিজানুর রহমান খানসহ আট কর্মকর্তার বিরুদ্ধে গতকালই মামলা করে দুদক। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আবদুল হামিদকে গ্রেপ্তার করা হয়েছে কি না, তা জানা যায়নি। দায়িত্বরত অবস্থায় কোনো ব্যাংকের এই পর্যায়ের কোনো কর্মকর্তাকে গ্রেপ্তারের নজির বাংলাদেশে নেই।
এদিকে, ব্যাংক খাতের লুটপাট নিয়ে গতকাল সাংসদদের বিভিন্ন প্রশ্নের জবাবে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘এই খাতে লুটপাট নিয়ে আমরাও খুব চিন্তিত। এটা যাতে আর না হয়, সে জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং হচ্ছে।’ তিনি বলেন, প্রতিটি খাতেই তদন্ত হচ্ছে এবং তদন্তের পর মামলা হচ্ছে। জাতীয় সংসদের চলতি বাজেট অধিবেশনে ব্যাংক এবং আর্থিক খাতের লুটপাট ও অনিয়মের বিষয়টি বারবারই আলোচনায় আসে।
এমডিকে অপসারণ বিষয়ে গভর্নরের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘এক্ষণে স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে অগ্রণী ব্যাংকের এমডি সৈয়দ আবদুল হামিদকে অপসারণ করা হলো।’ সংক্ষুব্ধ ব্যক্তি আদেশের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের পর্ষদের কাছে আপিল করতে পারবেন বলেও উল্লেখ করা হয় চিঠিতে।
কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ গতকালই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও অগ্রণী ব্যাংকের চেয়ারম্যানের কাছে আলাদা চিঠি পাঠিয়ে হামিদের অপসারণ হওয়ার কথা জানিয়েছে।
জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, এক দিক থেকে আশান্বিত হওয়ার মতো ব্যাপার যে মূল অপরাধীরা ধরা পড়ছে। অন্যদিক থেকে ব্যাংক খাতে যে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা ব্যক্তিদের মাধ্যমেই বিরাট ধরনের অনিয়ম হয় ও হচ্ছে, তারই বহিঃপ্রকাশ এই ঘটনা। তিনি বলেন, রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মালিক জনগণ। জনগণের কাছে দায়বদ্ধতা নিশ্চিত করতেই অপরাধীদের বিচারের আওতায় আনা জরুরি। পদক্ষেপ নিতে সরকার যত বেশি সোচ্চার হবে, আর্থিক খাতে তত বেশি অপরাধ কমবে।
গভর্নর স্বাক্ষরিত চিঠিতে ‘যেহেতু, সেহেতু’ শব্দটি একাধিকবার ব্যবহার করে বলা হয়েছে, অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল, চট্টগ্রামের লালদীঘি ইস্ট ও আছদগঞ্জ শাখায় বিভিন্ন অনিয়মের পরিপ্রেক্ষিতে আনীত অভিযোগের কারণে ১৭ ফেব্রুয়ারি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ২ মার্চ জবাব দেওয়ার সময় থাকলেও অনুমতি নিয়ে আবদুল হামিদ ১৬ মার্চ জবাব দেন।
চিঠিতে বলা হয়, আবদুল হামিদের জবাব সন্তোষজনক না হওয়ায় অভিযোগ বাংলাদেশ ব্যাংকের স্থায়ী কমিটির কাছে শুনানির জন্য পাঠানো হয়। ১৩-১৫ জুন স্থায়ী কমিটি আবদুল হামিদের ব্যক্তিগত শুনানি নেয়। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন, স্থায়ী কমিটির শুনানি, অভিযোগপত্র পর্যালোচনা করে স্থায়ী কমিটি সৈয়দ আবদুল হামিদকে অপসারণের সুপারিশ করে। তাঁর বিরুদ্ধে আনীত ১০টি অভিযোগের মধ্যে ৮টি প্রতিষ্ঠিত হয়েছে। তিনি ব্যাংকের আমানতকারীদের স্বার্থ ক্ষুণ্নে পাশাপাশি ক্ষতিকর কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।
অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখ্ত প্রথম আলোকে বলেন, ‘এমডিকে অপসারণের চিঠি পেয়েছি। বৃহস্পতিবার থেকেই অপসারণ কার্যকর হয়ে গেছে।’ মিজানুর রহমান খানকে দায়িত্ব দেওয়া প্রসঙ্গে দুপুরে জায়েদ বখ্ত বলেন, ‘বিধি অনুযায়ী জ্যেষ্ঠ ডিএমডিকে দায়িত্ব দেওয়া হয়েছে।’
রাতে জায়েদ বখ্ত প্রথম আলোকে বলেন, ‘মিজানুর রহমান খান গ্রেপ্তার হওয়ায় পরবর্তী জ্যেষ্ঠ ডিএমডি দায়িত্বে থাকবেন। জুলাইয়ের মধ্যে নতুন এমডি নিয়োগ দেওয়ার কাজ চলছে।’
বাংলাদেশ ব্যাংক সূত্রে আরও জানা গেছে, হামিদের বিরুদ্ধে ৯০৬ কোটি টাকার অনিয়মসহ ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনে বাংলাদেশ ব্যাংক। ২০১১ সালে তানাকা ট্রেডকম ইন্টারন্যাশনালকে ১২০ কোটি টাকার ঋণসুবিধা দেয় পর্ষদ। এরপর পর্ষদের অনুমোদন ছাড়া এখতিয়ারের বাইরে গিয়ে এমডি নিজেই জামানত পরিবর্তন করেন। ২০১৫ সালে আবার ১১ কোটি টাকা ঋণ নবায়ন করেন এমডি এবং ৪৬ কোটি টাকা ঋণখেলাপি হওয়ার পরও তা নিয়মিত দেখান।
ঋণঝুঁকি ব্যবস্থাপনা নীতিমালা, ২০১৩ লঙ্ঘন করে মিউচুয়াল কনসার্ন লিমিটেডের ২০০ কোটি টাকা ঋণপত্রসীমা দুবার নবায়ন করেন আবদুল হামিদ। এ ছাড়া মুন গ্রুপের কর্ণধার মিজানুর রহমান ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানকে দেওয়া প্রায় ৩০০ কোটি টাকা ঝুঁকিতে ফেলেছেন। আবার ব্যাংকের ডিএমডি মিজানুর রহমান খানকে কেন্দ্রীয় ব্যাংক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দিলেও এমডি তা ঠিকমতো মানেননি।
দুপুরে অগ্রণী ব্যাংকে গেলে জানা যায়, আবদুল হামিদ বৃহস্পতিবার ব্যাংকে আসেননি। দৈনন্দিন কার্যক্রম মিজানুর রহমান খান দেখছেন। ব্যাংকের কর্মকর্তা, সিবিএসহ অন্য নেতারা মিজানুর রহমান খানের সঙ্গে দেখা করছেন। প্রধান কার্যালয়ে মিজানুর রহমান খান প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয় থেকে দায়িত্ব আসায় তিনি দায়িত্ব নিয়েছেন। এ সময় তিনি কার্যালয় থেকে বেরিয়ে কর্মকর্তাদের বিদায় জানিয়ে গাড়িতে উঠে দুদকের উদ্দেশে রওনা হন। হঠাৎ কোথায় যাচ্ছেন জানতে চাইলে এ সময় তিনি প্রথম আলোকে বলেন, ‘অর্থ মন্ত্রণালয়ে যাচ্ছি।’
দুদকের করা মামলার আসামিরা হলেন ব্যাংকটির সদ্য অপসারিত এমডি সৈয়দ আবদুল হামিদ, অগ্রণী ব্যাংকের সাবেক ডিএমডি মো. মোফাজ্জল হোসেন, ডিজিএম (অবসরপ্রাপ্ত) আমিরুল ইসলাম, প্রধান শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার রফিকুল ইসলাম এবং মুন গ্রুপের স্বত্বাধিকারী মিজানুর রহমান। মিজানুর রহমান অন্য এক মামলায় হাজত খেটে সম্প্রতি জামিনে ছাড়া পেয়েছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হয়ে এবং অন্যদের লাভবান করে প্রতারণা, ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করেছেন। রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড-সংলগ্ন ৫৫৫ নম্বর প্লটে মিজানুর রহমানের বৈধ মালিকানা ছিল না। মিজানুর রহমানের বিরুদ্ধে জমির মালিক শেখ মো. জয়নাল আবেদীন ও আমমোক্তারনামা তাঁর ছেলে শেখ মো. আবদুল গণির মামলা এখনো চলমান।
তা ছাড়া, রাজউক অনুমোদিত বৈধ নকশাও ছিল না। বিতর্কিত ওই জমিতে নির্মাণাধীন একটি ভবনের অস্বাভাবিক নির্মাণ ব্যয় ও আয় দেখিয়ে মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে মুন গ্রুপকে ১০৮ কোটি টাকা ঋণ দেয় ব্যাংক। মঞ্জুর হওয়া ঋণ থেকে পর্যায়ক্রমে ৯৪ কোটি ৮০ লাখ টাকা তুলে নিয়ে ব্যাংক তথা রাষ্ট্রের ওই পরিমাণ অর্থ তাঁরা আত্মসাৎ করেন।
যোগাযোগ করলে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের জড়িত থাকা প্রমাণ করে ব্যাংক খাতের অবস্থা নাজুক। রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলো দেখভালের দায়িত্ব যাদের (অর্থ মন্ত্রণালয়) তাদেরও এ দায় নিতে হবে। তিনি বলেন, এখন প্রশাসনিক পদক্ষেপ ও ফৌজদারি মামলা করে দৃশ্যমান বিচার করতে হবে।
এমন ডিএমডিকে এমডির দায়িত্ব দিলেন কেন, যিনি নিয়োগ পাওয়ার কিছুক্ষণের মধ্যেই গ্রেপ্তার হয়ে যান—এমন প্রশ্নের জবাবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনূসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এটা জ্যেষ্ঠতার ভিত্তিতে দেওয়া।’
বাংলাদেশ ব্যাংকের আপত্তি সত্ত্বেও সৈয়দ আবদুল হামিদকে কেন জোর করে এমডি নিয়োগ দিয়েছিল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ—জানতে চাইলে সচিব বলেন, ‘আমি তখন এই বিভাগের সচিব ছিলাম না।’