দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে দুজনের বিরুদ্ধে ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কালারাইতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও এক পুলিশ কর্মকর্তাকে দুই মাসের জন্য চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ভোট কেন্দ্রে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় নির্বাচন কমিশন এ পদক্ষেপ নেয়।
গতকাল সোমবার নির্বাচন কমিশনের আদেশের চিঠি উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পৌঁছায়। চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা সহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় প্রিসাইডিং কর্মকর্তা লিটন চন্দ্র চক্রবর্তী ও পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদ কামালকে দুই মাসের জন্য বরখাস্ত করা হয়েছে।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, লিটন চক্রবর্তী উপজেলার বালিয়াকান্দি ডিগ্রি কলেজের পদার্থবিদ্যার প্রভাষক। আর মাসুদ কামাল কোম্পানীগঞ্জ থানার এসআই। নির্বাচনের আগের রাতে কালারাইতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একদল দুর্বৃত্ত ৭০০ ব্যালট পেপারে সিল মেরে রেখে যায়। পরে সকালে বিষয়টি জানাজানি হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেন।