দায়িত্বে অবহেলাকারী পুলিশ কর্মকর্তাদের বরখাস্তের নির্দেশ
সাতক্ষীরায় সোমবার রাতে কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারা সত্ত্বেও বাধা না দেওয়ায় দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তাদের বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিশন সচিবালয়কে বলা হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর জরুরি বৈঠকে কমিশন এই সিদ্ধান্ত নেয়। কমিশন সচিবালয় থেকে আজ এ বিষয়ে পুলিশের সদর দপ্তরে চিঠি পাঠানো হবে। রাতে কমিশন সচিবালয় থেকে এ তথ্য জানা গেছে।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন গতকাল বিকেলেই দায়িত্বে অবহেলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সাংবাদিকদের জানিয়েছিলেন।
কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, কমিশন প্রমাণ পেয়েছে, ১১টি কেন্দ্রের দায়িত্ব পাওয়া পুলিশ কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন করেননি। এ কারণে কমিশন তাঁদের বরখাস্ত করার নির্দেশ দিয়েছে। যে তিনটি কেন্দ্রের পুলিশ সন্ত্রাসীদের তাড়িয়ে ব্যালট পেপার রক্ষা করেছে, কমিশন তাঁদের প্রশংসা করেছে।
নির্বাচনের জন্য প্রণীত সরকারি কর্মকর্তা (বিশেষ বিধান) আইন ১৯৯১ অনুযায়ী, নির্বাচনের সময় কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ প্রমাণিত হলে কমিশন তাঁকে সর্বোচ্চ দুই মাসের জন্য বরখাস্ত করতে পারবে।
কমিশন সচিবালয় থেকে আরও জানা যায়, ১১টি কেন্দ্রে যেসব চেয়ারম্যান ও সদস্য প্রার্থীর পক্ষে সিল মারা হয়েছে, কমিশন তাঁদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দিয়ে আজ চিঠি পাঠানো হবে।
কমিশন সচিবালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ভোটের আগের রাতে পুলিশের পোশাক পরে দুষ্কৃতকারীরা সাতক্ষীরার ছয়টি ইউনিয়নের ১৪টি কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারে। যে কারণে কমিশন এসব কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেয়। কেন্দ্রগুলো হলো তালা উপজেলার কুমিরা ইউনিয়নের ভাগবা প্রাথমিক বিদ্যালয়, অভয়তলা প্রাথমিক বিদ্যালয় ও দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র; সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলীপুর প্রাথমিক বিদ্যালয়, মাহমুদপুর প্রাথমিক বিদ্যালয়, ভাডুখালী প্রাথমিক বিদ্যালয় ও গাংনিয়া মাদ্রাসা কেন্দ্র; শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী প্রাথমিক বিদ্যালয়, কৈখালী প্রাথমিক বিদ্যালয় ও শৈলখালী মাদ্রাসা; দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের খেজুরবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র; কলারোয়া উপজেলার কুশডাঙ্গা ইউনিয়নের কলাটুপি প্রাথমিক ও শাকদহ প্রাথমিক বিদ্যালয় এবং কেরালকাতা ইউনিয়নের বলিয়ানপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।
এর মধ্যে কুমিরা ইউনিয়নের তিনটি কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সন্ত্রাসীদের ওপর গুলি করে তাদের তাড়িয়ে দেয়। বাকি আটটি কেন্দ্রের দায়িত্বরত পুলিশ নির্বিকার থাকে।