দায়িত্বে অবহেলার অভিযোগ অস্বীকার করলেন প্রক্টর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নববর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েকজন নারী লাঞ্ছিত হওয়ার ঘটনায় যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলীর বিরুদ্ধে। তবে তিনি অভিযোগকে ভিত্তিহীন দাবি করে বলেছেন, শুরু থেকেই তাঁরা ব্যবস্থা নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাসংশ্লিষ্ট বিষয়গুলো দেখভালের দায়িত্ব প্রক্টরের। এ ক্ষেত্রে তিনি প্রক্টরিয়াল সদস্যদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে পারেন। প্রয়োজনে ছাত্রসংগঠন কিংবা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গেও তিনি কথা বলেন। কিন্তু সেদিন তিনি যথাযথ ব্যবস্থা নেননি বলে অভিযোগ উঠেছে।
সেদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি লিটন নন্দী অভিযোগ করে বলেন, ‘ছাত্র ইউনিয়নের ছেলেরা প্রক্টরের কার্যালয়ে গেলে তিনি এমনও বলেছেন, লিটন নন্দী ছাড়া তো কেউ ঘটনা দেখেনি। তিনি ঘটনাগুলো অস্বীকার করতে চেয়েছেন।’
জবাবে আমজাদ আলী বলেন, ‘ছাত্র ইউনিয়নের নেতারা আমাকে খবর দেওয়ার পরপরই আমি পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি। পরে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে।’
বাম সংগঠনগুলোর অভিযোগ, প্রক্টর শুরু থেকেই নারী লাঞ্ছিত হওয়ার ঘটনাগুলো অস্বীকার করেছেন। ঘটনার দুদিন পর উপাচার্যের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রক্টর বলেছিলেন, ‘যে সময়ের বর্ণনা দেওয়া হয়েছে অর্থাৎ সন্ধ্যা ছয়টা থেকে সাতটা পর্যন্ত—এক ঘণ্টার সিসিটিভি ভিডিও ফুটেজ আমরা দেখেছি। কিন্তু সেখানে এ রকম বীভৎস ঘটনা দেখলাম না। তবে ধাক্কাধাক্কির ঘটনা ঘটতে দেখা গেছে।’
প্রক্টর আমজাদ আলী গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা কোনোভাবেই ঘটনাগুলো অস্বীকার করিনি। আমরা বলেছি, ঘটনার যে ভয়াবহতা বলা হচ্ছিল, বাস্তবে সেই মাত্রায় ঘটেনি। কিন্তু ভিড়ের মধ্যে যা ঘটেছে, সেটিকে আমরা মোটেও ছোট করে দেখছি না। আমরা ঘটনাগুলোর ফুটেজ দেখেছি। যারা এগুলো করেছে, তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। পুলিশ কয়েকজনকে শনাক্তও করেছে। এখন তাদের নাম-পরিচয় খুঁজে বের করা হবে।’
কী ব্যবস্থা নিয়েছেন জানতে চাইলে প্রক্টর বলেন, ‘ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি কাজ শুরু করেছে।’
প্রক্টর বলেন, ‘এবারের ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখেছি। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে জন্য বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রসংগঠনকে যুক্ত করে আমরা কাজ করব।’