দায়িত্বে অবহেলার অভিযোগে দুই কর্মী সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের দুই কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
নগর পরিচ্ছন্নতা সরেজমিন দেখতে গিয়ে মেয়র আহসান হাবিব কামাল অসন্তোষ প্রকাশ করে ওই দুই কর্মীকে বরখাস্ত করেন। একই সঙ্গে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে অন্য দুই কর্মীকে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নগর পরিচ্ছন্নতা সরেজমিন দেখে মেয়র কামাল কর্মীদের বিরুদ্ধে ওই ব্যবস্থা নিয়েছেন বলে জানান বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা আবুল হোসাইন।
বরখাস্ত করা কর্মীরা হচ্ছেন নগর পরিচ্ছন্ন বিভাগের সুপারভাইজার আনোয়ার হোসেন ও শফিকুল আজম। কারণ দর্শানো হয়েছে একই বিভাগের পরিদর্শক রেজাউল করীমসহ দুজনকে।
আবুল হোসাইন জানান, নগর পরিচ্ছন্নতার মাঠপর্যায়ের অবস্থা দেখতে মেয়র গতকাল দুপুরে নগরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তিনি সরকারি বালিকা বিদ্যালয়সংলগ্ন সড়ক এবং বরিশাল কলেজের পাশে সড়কের ওপর ময়লার স্তূপ দেখতে পেয়ে অসন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি ওই এলাকায় কর্তব্যরত দুই সুপারভাইজারকে তাৎক্ষণিক সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।